বিশুদ্ধ পানির লক্ষ্যে রাজধানীর চারপাশের নদী নিয়ে প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চারপাশের নদীগুলোর পানিপ্রবাহ অব্যাহত রেখে ঢাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে এবারের বাজেটে একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় নদীগুলোর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি নৌপথ প্রশস্ত করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে তাঁর বাজেট বক্তৃতায় জানান, ঢাকার চারপাশে বহমান নদীগুলোতে বিশুদ্ধ পানির প্রবাহ নিশ্চিত করার জন্য এ প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়া নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে আগামী অর্থবছর অতিরিক্ত নলকূপ স্থাপনের পাশাপাশি পানির লাইন পুনর্নির্মাণ করা হবে। ২০১০-১১ অর্থবছরে পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দের আওতায় ঢাকার চারপাশের নদীগুলো নিয়ে বিশেষ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। উন্নয়ন ও অনুন্নয়ন বাজেট মিলিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য দুই হাজার ৪৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের পানিসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সরকার নদীশাসন ও টেকসই নদী-ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছে। দেশের প্রধান নদীগুলো পুনঃখননের মাধ্যমে কাজটি বাস্তবায়নের জন্য ১৫ বছর মেয়াদে প্রায় ৫০ হাজার কোটি টাকার একটি কর্মকৌশল গ্রহণের কথা বলছে সরকার। রাজধানীকে ঘিরে থাকা নদীগুলোর সংস্কারের ওই পরিকল্পনায় বলা হয়েছে, পানিপ্রবাহ অব্যাহত রেখে পরিবেশ উন্নত করা হবে। এ উদ্দেশ্যে নদীর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর প্রশস্ততা বাড়ানো হবে। এতে নদীর নাব্যতা ফেরার ফলে নৌ-চলাচলের পথ সুগম হবে। সরকার আশা করছে, প্রকল্পের কাজ শেষ হলে বুড়িগঙ্গা, তুরাগ, পুংলি ও ধলেশ্বরী নদীতে পানির প্রবাহ বাড়বে। নদীগুলোর দূষণ সমস্যাও কমবে। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন, রাজধানীর পশ্চিমাঞ্চলের মতো পূর্বাঞ্চলকেও বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা সমন্বিত বন্যা প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুধু রাজধানীর পশ্চিমাংশের ১৩৬ বর্গকিলোমিটার এলাকা বন্যামুক্ত করা গেছে। এখনো বন্যাপ্রবণ রয়ে গেছে পূর্বাংশের প্রায় ১২৪ বর্গকিলোমিটার এলাকা। এই এলাকাকে বন্যামুক্ত করতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে পশ্চিমাঞ্চলের মতো পূর্বাঞ্চলকেও বন্যা ও জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করা যাবে।ঢাকার এক কোটি ৩০ লাখ নাগরিকের জন্য প্রতিদিন ১৯৫ কোটি লিটার পানি উত্পাদন করা হচ্ছে। অব্যাহত চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে, আগামী অর্থবছরে রাজধানীতে ৯৭টি নলকূপ বসানোর পাশাপাশি ৬৩ কিলোমিটার পানির লাইন পুনর্নির্মাণ করা হবে।