বিশেষ ক্ষমতা আইনে দোষীদের বিরুদ্ধে মামলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসায়নিক পদার্থ ব্যবহার করে ফল পাকানো ও বাজারজাতকরণের ক্ষেত্রে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় মামলা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ফলে রাসায়নিক পদার্থ মিশিয়ে বাজারজাতকরণ বন্ধে ফলের আড়ত ও বাজারগুলো সময়ে সময়ে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ ছাড়া আমদানি পয়েন্টে আদমানি করা ফলে রাসায়নিক পদার্থ রয়েছে কি না, তা পরীক্ষা করে নিশ্চিতের পর প্রবেশে অনুমতি দিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মনজিল মোরসেদের দাখিল করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১০ সালের ১০ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ কয়েক দফা অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন।রুলের ওপর চূড়ান্ত শুনানির পর গতকাল আদালত রায় দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।