বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ উদ্যাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ উদ্যাপন করা হয়েছে। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বেলুন উড়িয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাজেয় বাংলার পাদদেশ থেকে অটিজম সচেতনতা দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সামাজিক বিজ্ঞান অনুষদে গিয়ে শেষ হয়। র্যালি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জিয়া রহমান, ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক সরদার এ নাঈম, চেয়ারম্যান, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং অধ্যাপক হাকিম আরিফ, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাওহিদা জাহান, চেয়ারপারসন, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আরও উপস্থিত ছিলেন কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের সহকারী অধ্যাপক শারমীন আহমেদ, আবুল মনসুর আহমদ, চেয়ারপারসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক রফিক শাহরিয়ার, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আলোচনা সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক এবং বিশেষ শিশুদের আঁকা ছবির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। এরপর অতিথিদের বরণ করে নেওয়া হয় বিশেষ শিশুদের আঁকা ছবি উপহার দেওয়ার মাধ্যমে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘অটিজম সচেতনতা দিবসে আমাদের প্রত্যাশা, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের সঠিক প্রশিক্ষণ ও থেরাপি সেবা দিয়ে কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ তাদের মূলধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি বিশ্বাস করি, প্রতিটি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু উন্নত স্পিচ থেরাপি সেবা ও প্রশিক্ষণ পেলে মানবসম্পদে পরিণত হতে পারে।’
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ ডিবেটিং ক্লাব আয়োজিত অটিজম সচেতনতা দিবস অন্তবি৴ভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকরা ভাষিক যোগাযোগ প্রতিবন্ধকতা রয়েছে তাদের যথাযথ যোগাযোগ থেরাপি দেওয়ার মাধ্যমে প্রশিক্ষিত করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।