বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা, কর্মশালা, সচেতনতামূলক প্রচারণার আয়োজন করে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও বাংলাদেশ তামাকবিরোধী জোটসহ ১৩টি সংগঠনের যৌথ উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে টিএসসিতে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সিগারেটের প্যাকেটের গায়ে কমপক্ষে ৫০ শতাংশ জায়গাজুড়ে সর্তকবাণী প্রচারের দাবি জানান। এতে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ, ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া, চিন্ময় মুৎসুদ্দী প্রমুখ।দিবসটি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ধূমপানমুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়। প্রত্যাশা মাদকবিরোধী সংগঠন, ডব্লিউবিবি ট্রাস্ট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে ‘ধূমপানমুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পাসে আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন। সবশেষে ধূমপান ও তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে বাউল গান পরিবেশন করা হয়। দিবসটি উপলক্ষে সব ধরনের তামাকদ্রব্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের দাবি জানিয়েছে যোগসূত্র ফাউন্ডেশন। সংগঠনটি এ দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। তামাকবিরোধী নারী জোট ও নারীগন্থ প্রবর্তনার যৌথ উদ্যোগে আলোচনা ও কর্মশালার আয়োজন করা হয়। এছাড়া রাজধানীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আবিষ্কার’, বাংলাদেশ ক্যানসার সোসাইটি ও স্টুডেন্টস অ্যান্টি স্মোকিং কমিটি (সাস্ক) বিভিন্ন কর্মসূচি পালন করে।