বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে। এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ফিজিওথেরাপি দিবসের গুরুত্ব তুলে ধরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। ‘মুভমেন্ট ফর হেলথ অ্যান্ড ফিট ফর লাইফ থ্রু কনটিনিউয়াস মুভিং’ স্লোগান নিয়ে গতকাল সকালে বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি (বিপিএস) ও গণবিশ্ববিদ্যালয় যৌথভাবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শোভাযাত্রা বের করে। এতে পেশাদার ফিজিওথেরাপিস্টসহ ফিজিওথেরাপির দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। গণবিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের প্রধান মোহন নালাথাম্বি শোভাযাত্রার শুরুতে বক্তব্য দেন। গতকাল স্বাধীনতা ফিজিওথেরাপি চিকিৎসক পরিষদ দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা করে। এ ছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিপিএসের সাবেক সভাপতি দলিলুর রহমান বলেন, অবিলম্বে ফিজিওথেরাপি কলেজ বাস্তবায়ন ও ফিজিওথেরাপি কাউন্সিল প্রতিষ্ঠা করতে হবে। এ ছাড়া স্বাস্থ্যসেবাকে পরিপূর্ণতা দিতে হলে ফিজিওথেরাপিকে অবশ্যই এতে অন্তর্ভুক্ত করতে হবে।