বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি উদ্যোগে আজ দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসের প্রতিপাদ্য ‘রক্তচাপ নিয়ন্ত্রণে যার, নিরাপদ জীবন তার’। স্বাস্থ্য দিবসে জাতীয় পর্যায়ে সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দেওয়া বাণীতে অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দিবসটি উদ্যাপনের মাধ্যমে সুস্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়বে। পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চ রক্তচাপের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্ট্রোক, হূদেরাগ, কিডনি রোগ ও চোখের রোগ বাড়ছে। তাই এ বছরের প্রতিপাদ্য বিষয় অত্যন্ত সময়োপযোগী। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, উপজেলা হাসপাতাল, জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে বিনা মূল্যে রক্তচাপ পরিমাপ করা যায় ও ওষুধ পাওয়া যায়। প্রতিটি কমিউনিটি ক্লিনিকেও রক্তচাপ মাপার যন্ত্র আছে। মানুষ সচেতন হলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে। সুষম ও পরিমিত খাদ্য, নিয়মিত ফল ও সবজি খাওয়া, আঁশযুক্ত খাদ্য খাওয়া, চর্বি কম খাওয়া, বাড়তি লবণ না খাওয়া রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক।