বিশ্বকাপ উপলক্ষে ঢাকার ২৭ সড়ক সংস্কার হচ্ছে
বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে রাজধানীর ২৭টি সড়কের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে। সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি) এ কাজ করছে। গতকাল রোববার ইসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামী কয়েক দিনের মধ্যে শুরু হবে সৌন্দর্যবর্ধনের কাজ। প্রকল্পটির নানা দিক তুলে ধরেন ইসিবির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সহিদুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বকাপে ঢাকার দুটি ভেন্যুকে ঘিরে মোট ২৭টি সড়কে নতুন করে কার্পেটিং, পাশে ফুটপাত উন্নয়ন, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং সড়কের মাঝে বিভাজক (ডিভাইডার) উন্নয়নের কাজ করা হচ্ছে। এ জন্য ব্যয় হবে ৫৪ কোটি টাকা। এ ছাড়া সৌন্দর্যবর্ধনের জন্য রাখা হয়েছে ৫০ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নের জন্য ডিসিসির পক্ষ থেকে ৪২টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছে। ১৬ ইসিবির পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পটি একনেকে অনুমোদন পাওয়ার পর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘সেনাবাহিনীর ডিপোজিট ওয়ার্ক’ হিসেবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।ইসিবি জানায়, ২৭টি সড়কের মোট ২১ দশমিক ৯৪ কিলোমিটার জায়গা সংস্কার করা হচ্ছে। দুই ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামকে দুটি অঞ্চলে ভাগ করে এ সংস্কারকাজ করা হচ্ছে। ডিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুর রাজ্জাক অভিযোগ করেন, প্রথমে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৬৭ কোটি টাকা। এ ক্ষেত্রে অতিরিক্ত কোনো টাকা বরাদ্দ রাখা হয়নি।