বিশ্বকাপ চলাকালে কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে
বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কাল বৃহস্পতিবার গুলিস্তানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকবে।ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় (ইউবিএল ক্রসিং), সেখান থেকে জিরো পয়েন্ট হয়ে গোলাপ শাহ মাজার; গোলাপ শাহ মাজার থেকে আন্ডারপাস হয়ে রাজউক ক্রসিং; সেখান থেকে শিল্প ব্যাংক ভবন (২৪ তলা ভবন), দৈনিক বাংলার মোড় পর্যন্ত সড়কগুলোয় সব ধরনের যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকবে।এ ছাড়া রাজউক এভিনিউ, বায়তুল মোকাররম রোড এবং বায়তুল মোকাররম-জিপিও লিংক রোডে উদ্বোধনী অনুষ্ঠানের নির্দিষ্ট স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো ধরনের যানবাহন পার্কিং না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। দর্শকদের জন্য দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল বাণিজ্যিক এলাকার জনতা ব্যাংক চত্বর, বলাকা চত্বর ও এর আশপাশের এলাকার রাস্তা গাড়ি পার্কিয়ের জন্য সংরক্ষিত থাকবে। এসব সড়ক ব্যবহারকারীদের অনুষ্ঠান চলার সময় সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হলো। এ ট্রাফিক ব্যবস্থাপনার ফলে এসব রাস্তা ও এলাকাগুলোয় যান চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় ঢাকা মহানগর পুলিশ দুঃখ প্রকাশ করেছে। বিশ্বকাপ চলার সময়: ১৯ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেট খেলা হবে। ওই দিন মিরপুরের সনি সিনেমা হল থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এবং মিরপুর প্রশিকা মোড় থেকে জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। সেদিন সব যানবাহনকে মিরপুর চিড়িয়াখানা রোড-রাইনখোলা ক্রসিং-কমার্স কলেজ-প্রশিকা-চলন্তিকা মোড় হয়ে মিরপুর-১১ ও ১২ নম্বরে আসা-যাওয়া করতে হবে। ফার্মগেটসংলগ্ন খেজুর বাগান-আগারগাঁও ক্রসিং-রোকেয়া সরণি (কাজীপাড়া ও শেওড়াপাড়া) হয়ে যেসব যানবাহন মিরপুর-১২ নম্বরে যাবে, সেসব যানবাহন মানিক মিয়া এভিনিউ-আসাদগেট-শ্যামলী-কল্যাণপুর-দারুসসালাম-মিরপুর-১ সনি সিনেমা হল-মিরপুর চিড়িয়াখানা রোড-রাইনখোলা ক্রসিং-কমার্স কলেজ-প্রশিকা-চলন্তিকা মোড় হয়ে মিরপুর-১১-মিরপুর-১২ হয়ে আসা-যাওয়া করতে হবে। মিরপুর সনি সিনেমা হল হয়ে যেসব যানবাহন মিরপুর-১৪ নম্বরে যাবে, সেসব যানবাহন মিরপুর চিড়িয়াখানা রোড-রাইনখোলা ক্রসিং-কমার্স কলেজ-প্রশিকা-চলন্তিকা মোড়-অরিজিনাল-১০-বেনারসি পল্লি ২ নম্বর গেট-ঝুটপট্টি হয়ে ডানদিক হয়ে হোপ/গ্লোরি ইন্টারন্যাশনাল স্কুল, মিরপুর-১৩ হয়ে আসা-যাওয়া করতে হবে। নির্দেশনা: শুধু খেলোয়াড়দের বাস, আইসিসির দাপ্তরিক গাড়ি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের গাড়ি পাহারাসহ এবং ভিভিআইপি মোটরকেডের গাড়ি স্টেডিয়াম চত্বরে নির্ধারিত স্থানে পার্ক করতে পারবে। স্টেডিয়ামে আসা ভিআইপি দর্শকেরা উড়োজাহাজ ক্রসিং-বেগম রোকেয়া সরণি-মিরপুর-১০ নম্বর গোলচত্বর হয়ে স্টেডিয়াম আসবেন। ভিআইপিরা মিরপুর টিঅ্যান্ডটি ক্রসিংয়ে নেমে স্টেডিয়ামে যাবেন এবং তাঁদের গাড়ি নির্ধারিত স্থানে পার্কিং করবেন। সাধারণ দর্শকেরা ডাইভারশন পয়েন্টের কাছে নেমে হেঁটে স্টেডিয়ামে ঢুকবেন।