বিশ্বজুড়ে পরিবেশ রক্ষার প্রতীক চিকো মেন্দেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে পরিবেশ রক্ষার আন্দোলন ও মানবাধিকার রক্ষা সংগ্রামের প্রতীক চিকো মেন্দেস। উন্নয়নের নামে চাপিয়ে দেওয়া ধারণার বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার ছিলেন এবং আমৃত্যু লড়াই করেছেন।পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত চিকো মেন্দেস স্মরণসভায় গতকাল বৃহস্পতিবার বক্তারা এ কথা বলেন। রাজধানীর পবা মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন, বিশ্বে প্রতি মিনিটে ৬০ একরেরও বেশি বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে। বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য, হুমকির মুখে পড়ছে আদিবাসী জনগোষ্ঠীর জীবন ও জীবিকা। পাহাড় কেটে, গরিব মানুষের বসতি উচ্ছেদ করে উন্নয়নের নামে বাঁধ, শিল্প-কারখানা, বহুতল আবাসিক ভবন ও বাণিজ্যকেন্দ্র তৈরি করা হচ্ছে। সেদিক থেকে স্বশিক্ষিত আদিবাসী নেতা চিকো মেন্দেস পরিবেশ রক্ষার জন্য ব্রাজিলের বনাঞ্চল থেকে যে লড়াইয়ের সূচনা করেছিলেন, আজও তার গুরুত্ব অপরিসীম। চিকো মেন্দেস বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলনের প্রেরণা হয়ে থাকবেন।ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য নুরুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, সুধীর কুমার দত্ত, বিআইডব্লিউটিএর সাবেক সচিব সৈয়দ মনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোরশেদ শফিউল হাসান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাগীব আহসান প্রমুখ।বক্তারা বলেন, পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন অঞ্চলে খামার মালিক ও কাঠ ব্যবসায়ীদের অবাধ বৃক্ষনিধনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলনকারীদের প্রেরণা চিকো মেন্দেস। ১৯৮৮ সালের ২২ ডিসেম্বর মাত্র ৪৪ বছর বয়সে নিজ এলাকার ভূমিদস্যু বা ভাড়াটে খুনিদের হাতে তিনি নিহত হন।