বিশ্ববিদ্যালয় ও কলেজশিক্ষকদের উচ্চ বেতন দিতে সরকার সচেষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল হলেও সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের কীভাবে উচ্চ বেতন স্তরে নেওয়া যায়, সে জন্য সরকার সচেষ্ট রয়েছে। পদোন্নতি বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে তাঁদের উচ্চ বেতন স্তরে উন্নীত করা যেতে পারে।

বিজয় দিবস উপলক্ষে গতকাল রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে কিছু বিপথগামী সৈনিক হত্যা করেছিল বলে প্রচার করা হয়, যা মোটেও সঠিক নয়। এটা অপপ্রচার। পরাজয়ের প্রতিশোধ হিসেবেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।

নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, সততা, নিষ্ঠা দিয়ে গড়ে তুলতে হবে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালনের দায়িত্ব শিক্ষা পরিবারের।