ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে (ডিএমসিএইচ) মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার প্রস্তাবের প্রতিবাদে হাসপাতালের কর্মচারীরা গতকাল বুধবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা বিক্ষোভ করেছেন।হাসপাতাল সূত্র জানায়, বেলা ১১টার দিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কয়েক শ কর্মচারী হাসপাতাল চত্বরে জড়ো হন। তাঁরা হাসপাতাল ও কলেজের বিভিন্ন করিডরে মিছিল করেন। স্লোগান দেন ‘বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত মানি না, মানব না’, ‘স্বায়ত্তশাসন প্রথা মানব না’। এতে চিকিৎসাধীন রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থা চলে।হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, দরকার হলে সরকার নতুন কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করুক।হাসপাতালের পরিচালক মো. শহিদুল হক মল্লিক বলেন, ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত এখনো হয়নি। প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করা হয়েছে। এর বিরোধিতা করে হাসপাতালের কর্মচারীরা কয়েক দিন ধরে বিক্ষোভ মিছিল করে আসছেন।