বিশ্ববিদ্যালয় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
নিউ এলিফ্যান্ট রোড এলাকায় আইরিন শারমিন (১৮) নামের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবার ও পুলিশের দাবি, আইরিন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।নিহত আইরিনের পরিবারের বরাত দিয়ে নিউমার্কেট থানার উপপরিদর্শক আহসানুল করিম প্রথম আলোকে জানান, আইরিন ধানমন্ডির ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গত বুধবার রাতে খাওয়া-দাওয়ার পর আইরিন নিজ কক্ষে ঘুমাতে যান। গতকাল সকাল আটটার দিকে তাঁর মা ওই কক্ষে গিয়ে দেখেন, আইরিন বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তখন পরিবারের লোকজন দ্রুত তাঁকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।এসআই আরও জানান, মৃতের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। সাধারণত বিষ খেয়ে মৃত্যুবরণকারীর হাত-পায়ের নখ নীল হয়ে যায়। আইরিনের ক্ষেত্রেও তা দেখা গেছে। শরীরে আঘাতের চিহ্ন নেই। পরিবারের বর্ণনা ও শরীরের আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে পরিবারের কেউ কিছু জানাতে পারেননি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইরিনের বাবা উপকর কমিশনার আইনুল হক এ প্রতিবেদককে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে রাজি হননি। সূত্র জানায়, নিহত আইরিন মা-বাবার সঙ্গে নিউ এলিফ্যান্ট রোডের বাসায় থাকতেন। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ছোট।