বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী অপহরণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী অপহরণের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে। ওই ছাত্রীর মা হাজেরা ইমরান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার চারজনকে আসামি করে এ মামলা করেন।আসামিরা হলেন মামুন বেপারী (২৮), আইজুল (২৯), শাকিল (২৭) ও আদি (২৬)। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ফুলবাড়িয়া এলাকা থেকে ওই ছাত্রীকে অপহরণ করেন।মামলার বাদী হাজেরা ইমরান প্রথম আলোকে জানান, তাঁর মেয়ে (১৯) ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়েন। তিনি গত বুধবার সকালে বাসা থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে এ ঘটনার পর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা হাজেরাকে ফোন করে হুমকি দিয়ে বলেছেন, আপনার মেয়েকে নির্যাতন করা হবে। তাঁকে নির্যাতন করে হত্যা করা হবে। ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা কোনো টাকা দাবি করেননি। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির জানান, গতকাল বেলা পৌনে তিনটার দিকে হাজেরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই মামলা করেন। এর আগে হাজেরা এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি ডায়েরি করেন। এর পরিপ্রেক্ষিতে ধানমন্ডি থানা পুলিশ গতকাল সকালে ওই ছাত্রীর দুই বন্ধুকে আটক করে। গতকাল সন্ধ্যায় ধানমন্ডি থানার পুলিশ জানায়, আটক করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে।হাজেরা ইমরান জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় একবার দুর্বৃত্তরা তাঁকে হুমকি দেয়। হুমকিদাতা তাঁর মেয়েকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন। ওই হুমকিদাতার নম্বর ফোনে দেখা যায়নি। এরপর গতকাল দুপুরে ওয়ারিদ নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়, যদি সন্ধ্যার মধ্যে জিডি তুলে নেওয়া ও পুলিশের সঙ্গে যোগাযোগ বন্ধ করা না হয়, তবে পরিণতি খারাপ হবে।স্বজনেরা জানান, তাঁরা অপহরণের সম্ভাব্য কোনো কারণ ধারণা করতে পারছেন না।