বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের চিন্তা করছে। কলেজটির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দুজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এ কথা জানান। গতকাল বুধবার সকালে কলেজের শহীদ ডা. মিলন মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি উঠেছে। এই দাবির সঙ্গে তিনি একমত পোষণ করেন। বহু বছর আগে প্রতিষ্ঠানটি ব্রিটিশ মেডিকেল কাউন্সিলের স্বীকৃতি পেয়েছে এবং ধারাবাহিকভাবে মানসম্মত শিক্ষা দিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ে পরিণত হলেও উত্তম প্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে উঠতে পারে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) খাটো করার কোনো স্পৃহা যেন কারও মনে না আসে। বিএসএমএমইউকে শ্রেষ্ঠত্বের শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ১৩ কোটি মানুষের দেশে একটিমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় যথেষ্ট নয়। তবে মনে রাখতে হবে, এই দেশ যেমন বীরদের জন্ম দিয়েছে, তেমনি বিশ্বাসঘাতকদেরও জন্ম দিয়েছে। অনেক মানুষ আছে, যারা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কথা ও পোশাক দুই-ই পরিবর্তন করে ফেলে। আজ যাঁরা বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছেন, পরে তাঁদের উপাচার্য করা না হলে যেন দাবিটি ভুলে না যান।বিএসএমএমইউর বেসিক সায়েন্স অনুষদের ডিন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব এম ইকবাল আর্সলান বলেন, ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হলে সরকারের আর্থিক অনুদান বাড়ানোর খুব একটা প্রয়োজন হবে না। বরং মানুষের উন্নতমানের সেবা পাওয়ার সুযোগ বাড়বে।ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী দীন মোহাম্মদ বলেন, ওই কলেজে বর্তমানে স্নাতক পর্যায়ে এক হাজার ও স্নাতকোত্তর পর্যায়ে ৪০টি বিষয়ে এক হাজার শিক্ষার্থী পড়ালেখা করছেন। আইপিজিএমআর যখন বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে, তখন সেখানে এতগুলো বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ ছিল না।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই ট্রাস্টের চেয়ারম্যান মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. জামালউদ্দিন চৌধুরী প্রমুখ।প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত: প্রতিবছরের মতো এবারও ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর (৬৬তম) অনুষ্ঠানে দেশ-বিদেশের খ্যাতিমান চিকিৎসকেরা মিলিত হন। তাঁদের প্রত্যেকের একই পরিচয়, তাঁরা ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। তাঁদের জীবনের হর্ষ-বিষাদ, আনন্দ-রোদনের অবিচ্ছেদ্য অংশ এই শিক্ষাপ্রতিষ্ঠান।স্মৃতিচারণা অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রী ও জাতীয় অধ্যাপক শাহ্লা খাতুনকে অভিনন্দন জানানো হয়। শাহ্লা খাতুন তাঁর অর্জনকে উৎসর্গ করেন পুরো চিকিৎসক-সমাজের প্রতি।সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দীন ঢাকা মেডিকেল কলেজের শহীদ চিকিৎসকদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।উপস্থিত সবাই শহীদ বুদ্ধিজীবী আবদুল আলীম চৌধুরী, মো. ফজলে রাব্বী, সোলায়মান খান, হাসিময় হাজরা, এ এফ জিয়াউর রহমান, গোলাম মর্তুজা, আজহারুল হক, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. সিরাজুল ইসলাম, নীপা লাহিড়ীর অবদানের কথা উল্লেখ করেন।ভাষা আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের অবিস্মরণীয় ভূমিকা সম্পর্কে বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্বাস্থ্য উপদেষ্টা দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভূমিকার বিবরণ দেন।