রাজধানীর রামপুরার বাসা থেকে গত শুক্রবার রাতে ফারহানা ইয়াসমিন ওরফে রুম্পা (১৮) নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফারহানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী ছিলেন। পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্র ও রামপুরা থানার পুলিশ জানায়, খবর পেয়ে শুক্রবার রাত ১২টার দিকে পূর্ব রামপুরা টিভি রোডের বাসা থেকে ফারহানার লাশ উদ্ধার করা হয়। লাশটি বাসার জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ফারহানার বাবা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শাহ আলম জানান, স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ওই বাসায় থাকেন তিনি। গতকাল শনিবার ফারহানা ছাড়া তাঁরা সবাই বাসার বাইরে ছিলেন। ব্যবসায়িক কাজ সেরে বিকেলে তিনি বাসায় ফিরে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় তিনি চলে যান। কিন্তু কোচিং থেকে ছেলেকে নিয়ে ফিরে তাঁর মা দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে পান ফারহানা ঝুলছে।বিকেলে ভেতরে দরজা বন্ধ ও পরে খোলা পাওয়ায় শাহ আলম অভিযোগ করেন, ফারহানাকে হত্যা করা হয়েছে। কাকে সন্দেহ করছেন, জানতে চাইলে শাহ আলম বলেন, তাঁর বন্ধুবান্ধবদের কেউ এ ঘটনা ঘটাতে পারে। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।