রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রতি অ্যালামনাইদের যে অঙ্গীকার ও দায়বদ্ধতা, তা যথাযথভাবে পালনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়েছেন।রাষ্ট্রপতির সঙ্গে গত সোমবার বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মহান ভাষা আন্দোলন, স্বাধিকার ও স্বৈরশাসনবিরোধী আন্দোলনসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, দেশে গণতন্ত্রের বিকাশ, সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভূমিকা পালন করে আসছে তা ঐতিহাসিক। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা দেশের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও জনপ্রশাসনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তা প্রশংসনীয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে এই অ্যাসোসিয়েশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ৫০০ বৃত্তির ব্যবস্থা করেছে। তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি ডিজিটালাইজ করার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের কম্পিউটার প্রশিক্ষণে এই অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে।সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত অনুদানকে আয়করমুক্ত এবং সিনেট ও সিন্ডিকেটে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব রাখার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।