বিশ্বভ্রমণকারীর জন্য আন্দোলন ঘোষণা শিক্ষার্থীদের
সেই বিশ্বভ্রমণকারী আবদুস সাত্তারের জন্য আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁর গাড়িটি চট্টগ্রাম বন্দর থেকে দ্রুত ছাড়া না হলে তাঁরা মানববন্ধন, অনশনসহ নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।আবদুস সাত্তারসহ কয়েকজন বাংলাদেশি কানাডীয় নাগরিক ২০০৯ সালের ২ আগস্ট সড়কপথে বিশ্বভ্রমণে বের হন। গত বছরের ২৯ মে তাঁরা পাকিস্তান থেকে বিমানে ঢাকায় আসার আগে করাচি বন্দর থেকে একটি গাড়ি জাহাজে তুলে দেন। নানা আমলাতান্ত্রিক টালবাহানা করে ওই গাড়িটি এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আটকে রাখা হয়েছে।গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের পর্যটন বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাইফুল ইসলাম। এতে বলা হয়, ‘একজন মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশ স্বাধীন করার আন্দোলনে ছিলেন, আজ তাঁকে আমলাতন্ত্রের কারণে হারতে হচ্ছে। কোনো কারণ ছাড়াই চট্টগ্রাম বন্দরে তাঁর গাড়িটি আটকে রাখা হয়েছে এক বছর ধরে। এ লজ্জা আমাদের সবার। আমরা তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ করিনি, কিন্তু অবশ্যই একজন মুক্তিযোদ্ধার পাশে থাকব।’ সংবাদ সম্মেলনে গাড়িটি বন্দর থেকে দ্রুত ছেড়ে দেওয়া, এক বছরে গাড়িটির যে শুল্ক ও করাদি হয়েছে, তা প্রত্যাহার এবং আবদুস সাত্তারকে অভ্যর্থনা জানিয়ে আবার বিশ্বভ্রমণের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।