বিশ্বমানের প্রতিষ্ঠান হতে চায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
বাংলাদেশে বিশ্বমানের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার দৃষ্টান্ত স্থাপনের স্বপ্ন দেখছে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বেশির ভাগই চাকরিমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে। ফলে এ ধরনের প্রতিষ্ঠানে মানবিক গুণাবলিসম্পন্ন পরিপূর্ণ মানুষ তৈরির বিষয়টি অনেকটা উপেক্ষিত থাকছে।গতকাল বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ‘মিট দ্য এডিটর’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। রাজধানীর বসুন্ধরায় গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা অংশ নেন। পরে তাঁরা ক্যাম্পাস পরিদর্শন করেন।সভায় জানানো হয়, ধারাবাহিক সাফল্যের কারণে ইতিমধ্যে বহির্বিশ্বে এনএসইউ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। এ বছর ‘নলেজ গ্লোবালাইজেশন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এতে ‘দারিদ্র্যমুক্ত বিশ্ব’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সেমিনারে ২০টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন।সভায় বেসরকারি পর্যায়ের উচ্চশিক্ষা নিয়ে সম্পাদকেরা তাঁদের চিন্তাভাবনা ও পর্যবেক্ষণ তুলে ধরেন। তাঁরা উচ্চশিক্ষা ঘিরে দেশে যে ধরনের বাণিজ্য ও নৈরাজ্য চলছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর পাশাপাশি কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার বিকাশে যেসব ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছে, সেগুলোর প্রশংসা করেন। এ ধরনের প্রতিষ্ঠানকে বিকাশের স্বার্থে সরকারি ও বেসরকারি সব পর্যায় থেকে পৃষ্ঠাপোষকতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তাঁরা।সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক-ভাবে পরিচালিত না হলেও এর ব্যাংক আমানত ও উদ্বৃত্তের ওপর কর আরোপ করা হচ্ছে। এই কর থেকে অব্যাহতি পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।সভায় বিশ্ব-বিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এম এ কাসেম বলেন, দীর্ঘ ১৭ বছরের পথপরিক্রমায় নর্থ সাউথ ইউনিভার্সিটি উচ্চশিক্ষায় অবস্থান সুসংসহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের উদ্যেক্তাদের স্বপ্ন বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে এটাকে গড়ে তোলা। সভায় উপস্থিত সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে ছিলেন মাহবুবুল আলম, গোলাম সারওয়ার, ইকবাল সোবহান চৌধুরী, আব্দুল কাইয়ুম, ম. হামিদ, আলমগীর মহিউদ্দিন, মনজুরুল আহসান বুলবুল, এ এম এম বাহাউদ্দিন প্রমুখ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী, সহ-উপাচার্য খায়রুল বাশারসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।