বিশ্বায়ন দরিদ্র দেশের মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বায়ন দরিদ্র দেশের মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলছে। দুর্বল সামাজিক নীতি, অন্যায্য অর্থনীতি এবং বাজে রাজনীতি দরিদ্র দেশগুলোতে ব্যাপক হারে মানুষের মৃত্যুর কারণ।গতকাল শনিবার ‘বিশ্বায়ন ও স্বাস্থ্য’ শীর্ষক সেমিনারে কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোনাল্ড লাবন্তে এ কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ ও আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।৩৫ বছর ধরে জনস্বাস্থ্য নিয়ে গবেষণারত রোনাল্ড লাবন্তে বলেন, বিশ্বায়নের সুফল ধনী ও দরিদ্র দেশ সমানভাবে পায়নি। বিশ্বায়নের ফলে দেশে দেশে এবং দেশের মধ্যে আয়বৈষম্য বেড়েছে। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি মানুষের স্বাস্থ্য ক্ষেত্রে ন্যায্যতা আনবে, তার কোনো নজির দেখা যায়নি।রোনাল্ড লাবন্তে বলেন, বিশ্বায়নের কারণে শ্রমবাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ১৯৮১ থেকে ’৯১ সালের মধ্যে ভারতের মুম্বাই শহরে বেকারত্ব দুই গুণ বাড়ে, সেই সঙ্গে বাড়ে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান। এই অনিশ্চয়তা ব্রাজিলের সাও পাওলো ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গেও দেখা দেয়। তিনি আরও বলেন, বেকারত্বের কারণে স্বাস্থ্য আচরণে বিরূপ প্রভাব পড়ে। বেকারত্ব বাড়লে মানসিক রোগের প্রাদুর্ভাব, দুর্ঘটনাজনিত মৃত্যু হার ও হূদরোগে আক্রান্তের হার বাড়ে।পৃথিবীর বিভিন্ন দেশের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিশ্বায়নের ফলে আন্তর্জাতিক বাজারে এবং দেশের মধ্যে দক্ষ ও অদক্ষ শ্রমিকের শ্রমবৈষম্য বেড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন নারীশ্রমিক। তাঁরা কম মজুরির ও কম আকর্ষণীয় কাজ করতে বাধ্য হন। তিনি বলেন, এসব কারণে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে নারীশ্রমিকের সংখ্যা বাড়ছে। এ ক্ষেত্রে তিনি বাংলাদেশের উদাহরণ তুলে ধরেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক আলেজান্দো ক্রাভিওটো।