বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর গ্রিন রোডের একটি আবাসিক হোটেলের ভাড়া নেওয়া কক্ষে বিষক্রিয়ায় আক্রান্ত গ্রিল ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান চৌধুরী (৪৫) হাসপাতালে মারা গেছেন। গতকাল বুধবার দুপুরে বিষক্রিয়ায় আক্রান্ত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।১০৩ গ্রিন রোডের মোগল আবাসিক হোটেলের কর্মী আল আমিন জানান, ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা গ্রামের বাসিন্দা ওয়াহিদুজ্জামান ১ অক্টোবর হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। গতকাল সকালে হোটেলের কর্মীরা গিয়ে দেখেন ওয়াহিদ গোঙাচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা সোয়া একটার দিকে তিনি মারা যান। আল আমিন দাবি করেন, তিনি বিষপান করেছিলেন।মৃত ওয়াহিদের ভাতিজা বিপ্লব হোসেন হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের জানান, পারিবারিক অশান্তির কারণে গ্রামের বাড়ি থেকে কিছুদিন আগে তিনি নিরুদ্দেশ হন। তাঁর বাবার নাম আবদুল গফুর চৌধুরী। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমীন প্রথম আলোকে জানান, এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।