বিষাক্ত ও ভেজাল খাদ্যের প্রভাবে চলছে নীরব গণহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক কোটিরও বেশি লোক প্রতিদিন ৫০ মেট্রিক টন শাকসবজি খায়। এর মধ্যে প্রায় ৩০ মেট্রিক টনই বিষাক্ত কীটনাশক মেশানো। পাশাপাশি নিত্যনতুন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে ফাস্টফুডসহ অন্যান্য বিষাক্ত খাদ্য, যার প্রভাবে বাংলাদেশে চলছে নীরব গণহত্যা। ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিরাপদ খাবারের অপ্রতুলতা দেশের খাদ্যনিরাপত্তায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বলে অভিমত প্রকাশ করেছেন স্বাস্থ্য-বিশেষজ্ঞরা। গতকাল শনিবার রাজধানীর শাহবাগে বারডেম মিলনায়তনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত ‘বিষাক্ত খাদ্য জনস্বাস্থ্যের জন্য হুমকি: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে এসব তথ্য উপস্থাপিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক খুরশিদ জাহান এবং অধ্যাপক খালেদা ইসলাম। অধ্যাপক খুরশিদ জাহান বলেন, দেশে উত্পাদিত, প্যাকেটজাত, প্রক্রিয়াজাত, তরল ও কঠিন খাদ্যের বেশির ভাগই বিষাক্ত ও ভেজালযুক্ত। বাজারের কোন খাদ্যে ভেজাল নেই, তা এখন গবেষণার বিষয়।সেমিনারে ক্যানসার সোসাইটির সভাপতি মোল্লা ওবায়দুল্লাহ বাকী বলেন, বিভিন্ন ভারী রাসায়নিক পদার্থ, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, আর্সেনিক, জিংক বিভিন্ন খাদ্যের মাধ্যমে দেহে প্রবেশ করে শরীরের খাদ্যনালি, লিভার, হূদরোগ, কিডনিতে জটিলতা তৈরি করছে। জটিল প্রক্রিয়ায় তৈরি ফাস্টফুড, রাস্তার খোলা খাবার এবং অন্যান্য প্রক্রিয়াজাত খাদ্য তৈরি করছে ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধি। পাশাপাশি রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার জনস্বাস্থ্য এবং পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে।পবার চেয়ারম্যান আবু নাসের খান সেমিনারে বলেন, রোগীর চিকিত্সাব্যয় বহন করতে গিয়ে পরিবার-পরিজন সর্বস্বান্ত হচ্ছে। রাষ্ট্রের স্বাস্থ্য খাতের বরাদ্দ থেকে বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব ‘নিরাপদ খাদ্য’কে অগ্রাধিকার দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে।মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) সভাপতি অধ্যাপক অরূপ রতন চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, বাসি খাদ্যে জীবাণু সংক্রমণ (মাইক্রোবায়োলজিক্যাল হ্যাজার্ড), অন্যান্য খাদ্যে কীটনাশক ও রাসায়নিক পদার্থের মিশ্রণ অনিরাপদ খাদ্যের জন্য দায়ী। যে খাদ্যে কোনো ক্ষতিকারক কেমিকেলস নেই, জীবাণু দ্বারা দুষ্ট নয়, প্রয়োজনীয় সব পুষ্টি উপাদানে সমৃদ্ধ ও প্রাকৃতিকভাবে তৈরি, সেটাই নিরাপদ খাবার। সেমিনারে আরও বক্তব্য দেন বারডেমের ল্যাবরেটরি সার্ভিসের পরিচালক অধ্যাপক শুভাগত চৌধুরী, সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান প্রমুখ।