বিষাক্ত গ্যাসেই মারা গেছে নিমতলীর বেশির ভাগ মানুষ
পুরান ঢাকার নিমলতীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের বেশির ভাগই বিষাক্ত গ্যাসের কারণে মারা গেছে। পরে তাদের দেহ আগুনে পুড়েছে। এমনটিই মনে করছে বাংলাদেশ রসায়ন সমিতি ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। নিমতলীর ঘটনাস্থল পরিদর্শন করে সংগঠন দুটির পক্ষ থেকে তৈরি করা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সিলেন্স মিলনায়তনে প্রতিবেদনটি তুলে ধরা হয়।৫ জুন বাংলাদেশ রসায়ন সমিতি ও পবার একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে।অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করেন রসায়ন সমিতির সভাপতি ও সেন্টার ফর এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক মুহিবুর রহমান। প্রতিবেদনে বলা হয়, যে বাড়িতে প্রথম আগুন ধরে, তার নিচতলায় রাসায়নিক দ্রব্যের গুদামে ড্রামভর্তি মিথাইল ক্লোরাইড ও টলুইন ডাই-আইসোসায়ানেট নামের মারাত্মক দাহ্য দুটি রাসায়নিক পদার্থ ছিল। বিয়ের অনুষ্ঠানের রান্নার চুল্লি থেকে পাশের ঘরের রাসায়নিক দ্রব্যে আগুন লাগে। আগুনের সংস্পর্শে এসে মিথাইল ক্লোরাইডের ড্রামটি বিস্ফোরিত হয়। তা ছাড়া অত্যধিক তাপে টলুইন ডাই-আইসোসায়ানেটের ড্রামও ফেটে যায়। আগুনের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়ায় সেখান থেকে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ওই গ্যাসের কারণেই এত মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।প্রতিবেদনে বলা হয়, এ ধরনের ঘটনা এড়াতে রসায়ন সম্পর্কে জ্ঞান আছে, এমন কর্মীর তত্ত্বাবধানে রাসায়নিক পদার্থ রাখতে হবে। রাসায়নিক পদার্থের উৎপাদন, বিপণন, গুদামজাতকরণ এবং ব্যবহারে যুগোপযোগী নীতিমালা প্রণয়ন, আবাসিক এলাকায় এসব দ্রব্যের গুদামজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধ করা এবং রাসায়নিক বর্জ্য নিষ্কাশনের জন্য নীতিমালা তৈরি করার সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে।অনুষ্ঠানে পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, বেশির ভাগ ভবন ও শিল্পপ্রতিষ্ঠানেই অগ্নিনির্বাপণের ব্যবস্থা থাকে না। থাকলেও দীর্ঘদিন ব্যবহার না করার কারণে সেসব সরঞ্জাম নষ্ট হয়ে যায়। সরঞ্জাম ব্যবহারে দক্ষতাও কর্মীদের থাকে না। তা ছাড়া পর্যাপ্ত পানির মজুদ না থাকা, খোলা জায়গার অভাব, অগ্নিকাণ্ডের সময় করণীয় না জানা, সরু রাস্তার কারণে দমকল বাহিনীর গাড়ি ঠিকমতো প্রবেশ করতে না পারার কারণেও কোনো ভবনে আগুন লাগলে তা সহজে নেভানো যায় না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পুরান ঢাকায় ঝুঁকিপূর্ণ ছোট ছোট অনেক রাসায়নিক কারখানা রয়েছে। আবাসিক এলাকার মধ্যে কোনোভাবেই যেন রাসায়নিক কারখানা করা না হয়, সে বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে হবে।নিমতলী এলাকার একজন বাসিন্দা আশঙ্কা প্রকাশ করেন, পুরান ঢাকায় বড় বড় কিছু রাসায়নিক দ্রব্যের কারখানা রয়েছে, যেখানে আগুন লাগলে পুরো একটি ওয়ার্ডই পুড়ে ছাই হয়ে যেতে পারে।অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য এ এম এম শফিউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম প্রমুখ বক্তব্য দেন।