বিসমিল্লাহ গ্রুপের জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেরি-টাওয়েল (তোয়ালেজাতীয় পণ্য) উৎপাদক বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে দেশের পাঁচটি ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে জনতা ব্যাংকের আরও পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা হলেন রাজধানীর এলিফ্যান্ট রোড করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক মোস্তাক আহমেদ খান ও ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা এস এম শোয়েব উল কবির, মগবাজার শাখার শাখা ব্যবস্থাপক রফিকুল আলম, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা খন্দকার মোশারফ হোসেন ও আতিকুর রহমান। এ নিয়ে এ ঘটনায় ১৬ জন ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের অনুসন্ধান দল ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ও মো. গুলশান আনোয়ার প্রধান এবং উপসহকারী পরিচালক সরদার মঞ্জুর আহমেদ ও মো. আল আমিন। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনের প্রতিবেদন অনুযায়ী, অর্থ আত্মসাতের অভিযোগে বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান আনোয়ার চৌধুরী ও তাঁর স্ত্রী এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান নওরীন হাসিবকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে তাঁরা পলাতক বলে জানা গেছে।