বিসিএসআইআরে বসেছে তরুণ বিজ্ঞানীদের মেলা
দেশের প্রধান সমস্যাগুলোর একটির নাম বিদ্যুৎ। এ সমস্যা সমাধানে সরকারি নীতিনির্ধারকদের মতো চিন্তাভাবনায় পিছিয়ে নেই দেশের খুদে বিজ্ঞানীরাও। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা তাদের সেই চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে একটি প্রকল্পের মাধ্যমে।গতকাল সোমবার থেকে শুরু হওয়া বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বিজ্ঞান মেলায় ‘স্যাটেলাইট পাওয়ার প্ল্যান্ট’ নামের ওই প্রকল্পের মতো বিভিন্ন বিষয়ের ওপর প্রায় ১০০ প্রকল্পের প্রদর্শনী চলছে। তরুণ বিজ্ঞানীর খোঁজে এ মেলার আয়োজন করেছে বিসিএসআইআর। গতকাল ঢাকায় পরিষদ প্রাঙ্গণে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান মেলার উদ্বোধন করেন। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী ও জয়পুরহাটেও একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ মেলা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।এ মেলায় সহযোগিতা করছে প্রথম আলো। আর মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই ও রেডিও টুডে।মেলা উদ্বোধনকালে ইয়াফেস ওসমান বলেন, দেশের উন্নতির জন্য নতুন প্রজন্মকে সুযোগ করে দিতে হবে। তাদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের জন্য কিছু করার এখনই সময়। তা করা গেলে তারা দেশকে বদলে দিতে পারবে। বিসিএসআইআরের চেয়ারম্যান এস এম ইমামুল হক বলেন, তরুণেরা যেসব প্রকল্প উপস্থাপন করেছে তা অভিভূত করার মতো। ভালো কোনো প্রকল্প কেউ এগিয়ে নিতে চাইলে পরিষদ থেকে তাদের সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।উদ্বোধন শেষে ইয়াফেস ওসমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।ঢাকার মেলায় ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন বিজ্ঞান ক্লাব প্রায় ১০০ প্রকল্প প্রদর্শন করছে। এসব প্রকল্পের একটি ‘স্যাটেলাইট পাওয়ার প্ল্যান্ট’। এ প্রকল্পের প্রধান রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র রাইয়ান প্রথম আলোকে জানায়, তাদের এ প্রকল্পটি সৌরবিদ্যুতের। তার দাবি, এটি বাস্তবায়ন করা গেলে তা দেশের বিদ্যুৎ খাতের জন্য সহায়ক হবে।