বিহারি ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনায় কেউ শনাক্ত হয়নি

২০১৪ সালে পল্লবীর বিহারি ক্যাম্পে সংঘর্ষে একই পরিবারের নয়জনসহ মোট দশজন নিহত হন। পুলিশসহ যুবলীগ নেতার জড়িত থাকার অভিযোগ ওঠে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লবীর কালশী এলাকায় ২০১৪ সালে ১৪ জুন আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে আগুন দেওয়ার ঘটনায় নিহত নয়জনের দগ্ধ লাশ
ফাইল ছবি: আশরাফুল আলম

রাজধানীর পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পে একই পরিবারের নয়জনকে পুড়িয়ে হত্যা ও অপর একজন গুলিতে নিহত হওয়ার ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। পুলিশের দেওয়া চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ভিডিওর সিডি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া ঘটনাস্থলের বেশ দূরে এক পক্ষের সঙ্গে অপর পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার অস্পষ্ট ভিডিও পর্যবেক্ষণ করেও জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রতিবেদনটি জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক কবির হোসেন সম্প্রতি প্রতিবেদনটি দাখিল করেছেন। ঘটনা ঘটে ২০১৪ সালের ১৩ জুন।

ঘটনার পর থেকেই কুর্মিটোলা বিহারি ক্যাম্পের বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় যুবলীগ নেতা জুয়েল রানা, তাঁর সমর্থক এবং পুলিশও এ ঘটনার সঙ্গে জড়িত। জুয়েল ঢাকা-১৬ আসনের সরকারদলীয় সাংসদ ইলিয়াস উদ্দীন মোল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অবশ্য জুয়েল রানা দাবি করে আসছেন, হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, পল্লবী থানায় হওয়া মামলার আগের তদন্তকারী কর্মকর্তারা ভিডিও সংগ্রহ করে তা সিডিতে কপি করেন। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ওই সিডি নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টার পর সিডিটি চালু করা গেলেও মূল ঘটনাস্থলের কোনো ভিডিও বা ছবি নেই। যা কিছু আছে, সবই মূল ঘটনাস্থল থেকে দূরে মিরপুর ডিওএইচএসগামী সড়কের। জব্দ করা সিডি থেকে তদন্ত সহায়ক কোনো তথ্য পাওয়া যায়নি।

কবির হোসেন বলেন, বিহারি ক্যাম্পের নেতারা বেশ কিছু ভিডিও তাঁকে দিয়েছিলেন। কিন্তু যেখানে আগুন লাগে, সেখানকার কোনো দৃশ্য এসব ভিডিওতে ছিল না।

ঘটনার রাত ২০১৪ সালের ১৩ জুন ছিল শবে বরাত। গভীর রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত বাহারি ক্যাম্পের বাসিন্দা আটকে পড়া পাকিস্তানিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তবে অভিযোগপত্রে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন, আতশবাজি, পটকা ফোটানো ও বিদ্যুৎ–সংযোগ দেওয়া নিয়ে বিরোধের জেরে পল্লবী কুর্মিটোলা বিহারি ক্যাম্প ও নিউ কুর্মিটোলা বিহারি ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে ত্রিমুখী সংঘর্ষ বাধে।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযোগ করেছিলেন, সংঘর্ষের একপর্যায়ে পাশের বাউনিয়া বাঁধের বাসিন্দা ও পল্লবী থানা যুবলীগের তৎকালীন সাধারণ সম্পাদক জুয়েল রানার সমর্থকেরা পুলিশের সঙ্গে যোগ দেন। ১৪ জুন সকালে জুয়েল রানা ও তাঁর সমর্থকেরা ক্যাম্পের আটটি ঘরে বাইরে থেকে অগ্নিসংযোগ করেন।

আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া প্রসঙ্গে কথা হয় আটকে পড়া পাকিস্তানিদের সংগঠন স্ট্রান্ড্রেড পাকিস্তানিজ জেনারেল রিপেট্রিয়েশন কমিটির (এসপিজিআরসি) প্রধান কার্যালয়ের সাধারণ সম্পাদক শওকত আলীর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা মাইনরিটি গ্রুপ। আমাদের প্রতি কেউ খেয়াল রাখে না। ইয়াছিনের পরিবারকে পুড়িয়ে ও পরে ইয়াছিনকে বাসচাপা দিয়ে মারা হলো। আজাদকে মারা হলো গুলি করে। এসব ঘটনার জাস্টিস কে দেবে?’

শওকত আলী বলেন, ২০১৩ ও ২০১৫ সালে এসপিজিআরসির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকেও স্মারকলিপি দিয়েছেন। কিন্তু এসব কোনো কাজেই আসেনি।