বিড়ি সেবন বন্ধ হলে ৭২ লাখ শিশু দিনে এক গ্লাস দুধ পাবে
দরিদ্র মানুষ মাথাপিছু দৈনিক প্রায় আট টাকা খরচ করে ধূমপানের জন্য। প্রতিদিন আট কোটি টাকা হিসাবে বছরে প্রায় তিন হাজার কোটি টাকা বিড়ির পেছনে ব্যয় করে তারা। কিন্তু এ টাকা দিয়ে ৭২ লাখ অপুষ্ট শিশুকে দিনে এক গ্লাস দুধ এবং ৫৩ লাখ শিশুকে দিনে এক গ্লাস দুধসহ একটি করে ডিম খেতে দেওয়া সম্ভব।গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে ডব্লিউবিবি ট্রাস্ট আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে তামাক নিয়ন্ত্রণের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।সেমিনারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মোস্তফা জামান বলেন, দরিদ্র জনগণকে বিড়ি সেবনসহ তামাক থেকে বিরত রাখতে হবে। বিড়ির দাম যত বাড়বে, সেবনের হার তত কমে আসবে। তিনি জানান, তামাকের কারণে বছরে ৫৭ হাজার মানুষ মারা যায় এবং তিন লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে।বেসরকারি প্রতিষ্ঠান দি ইউনিয়নের কারিগরি উপদেষ্টা আকরামুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে খাদ্যনিরাপত্তা। সেখানে খাদ্যের জমিতে তামাক চাষ করা দেশের জন্য হুমকি। খাদ্যসংকট মোকাবিলায় তামাক চাষ নিয়ন্ত্রণ করতে হবে।আয়োজক সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মাহবুবুল আলমের সঞ্চালনায় সেমিনারে তামাক ও দারিদ্র্যবিষয়ক গবেষণার সারসংক্ষেপ তুলে ধরেন প্রতিষ্ঠানের গবেষণা দলের সদস্য ইসলাম আরাফাত। বিজ্ঞপ্তি।