বিয়ের নয় দিনের মাথায় মিলল কিশোরীর লাশ
কিশোরী তানিয়া নিজেকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে বিয়ে করেছিল অটোরিকশার চালক রানা সিকদারকে। বিয়ের নয় দিনের মাথায় গত রোববার রাতে মিলল তার ঝুলন্ত লাশ। রাজধানীর ভাষানটেক এলাকায় এ ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তানিয়াকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। পুলিশ তানিয়ার স্বামী রানা ও শ্বশুর জালালউদ্দীন সিকদারকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার পর কিশোরী তানিয়া ১৪ এপ্রিল রানাকে বিয়ে করে। তার প্রকৃত বয়স ১৫। তবে বিয়ের কাগজপত্রে দেখানো হয় ১৮। বিয়ের পর তানিয়া পশ্চিম ভাষানটেকের একটি বাসার দোতলায় স্বামীর সঙ্গে বসবাস শুরু করে। এরপর গত রোববার রাত ১০টার দিকে পাওয়া যায় তার ঝুলন্ত মৃতদেহ। তার বুক, পীঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।তানিয়ার বাবা আবু নাইম অভিযোগ করেন, রানার পরিবার বিয়েতে রাজি ছিল না। এ কারণে রানা ও তার পরিবারের লোকজন তানিয়াকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করেছে। পরে এ হত্যাকাণ্ড আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য লাশ ঝুলিয়ে রাখা হয়।ভাষানটেক থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিম খান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তানিয়ার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। হত্যার অভিযোগ ওঠায় পুলিশ তানিয়ার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।