বুড়িগঙ্গার তীর থেকে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদীর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাজধানীর সদরঘাট থেকে পোস্তগোলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কে গতকাল উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ ও  ঢাকা জেলা প্রশাসন। ছবিটি ফরিদাবাদ এলাকা থেকে তোলা l প্রথম আলো n খবর: পৃষ্ঠা–৯
বুড়িগঙ্গা নদীর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাজধানীর সদরঘাট থেকে পোস্তগোলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কে গতকাল উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন। ছবিটি ফরিদাবাদ এলাকা থেকে তোলা l প্রথম আলো n খবর: পৃষ্ঠা–৯

বুড়িগঙ্গা নদীর জায়গায় গড়ে ওঠা পাঁচতলা ভবনের অংশসহ ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সদরঘাট থেকে পোস্তগোলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তাটি ৩০ ফুট প্রস্থের হলেও অবৈধ স্থাপনার কারণে প্রায় অর্ধেক অংশ হারিয়ে গেছে। গতকাল মঙ্গলবার উদ্ধার অভিযান শুরু হয়। এখন ২০ কোটি টাকায় রাস্তাটি মেরামত করা হবে।
গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা প্রায় ৩টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে ৪৫টি পাকা এবং বাকিগুলো আধা পাকা ও টংঘর।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় টংঘর উচ্ছেদের মাধ্যমে অভিযান শুরু হয়। পুলিশ ও আনসার সদস্যরা ছাড়াও অভিযানে অর্ধশতাধিক শ্রমিক অংশ নেন। উচ্ছেদকারী যান পে-লোডার ছাড়া অভিযানে হাতুড়ি-শাবল ব্যবহার করা হয়।
প্রায় এক বছর আগে অভিযান চালানো হলেও এখানে আবার গড়ে ওঠে আধা পাকা স্থাপনা ও টংঘর। এ ছাড়া আগের অভিযানের সময় যাঁরা নিজেদের উদ্যোগে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার কথা বলেছিলেন, তাঁরা তা ভাঙেননি। গতকাল এগুলোরও কয়েকটি উচ্ছেদ করা হয়। মিলব্যারাক ও আশপাশের এলাকাতেই সবচেয়ে বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ৪৪/সি আরসিন গেট এলাকায় বিআইডব্লিউটিএর পে-লোডার একটি পাঁচতলা ভবনে আঘাত করে। এ সময় ভবনের মালিক জাহাঙ্গীর মিয়া দাবি করেন, নদীর জায়গায় নয়, নিজের জায়গাতেই ভবনটি নির্মাণ করা হয়েছে। পরে ভবনের নদী প্রান্তের প্রায় দেড় ফুট অংশ ভাঙা হলে জাহাঙ্গীর মিয়া অভিযানকারীদের অনুরোধ জানান, নদীর জায়গায় ভবনের যে অংশটুকু পড়েছে, তা তিনি নিজ দায়িত্বে ভেঙে দেবেন। পরে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর ৫২/২ নব গোস্বামী রোডে অবস্থিত রাসেল এন্টারপ্রাইজ ও রহিম স্টিল মিলের আধা পাকা ও টিনশেডের স্থাপনার আংশিক ভেঙে দেওয়া হয়। ৬৪/সি এনসিজি রোড এলাকায় গোলাম সরওয়ার হোসেনের নির্মাণ করা একটি একতলা ভবনের বর্ধিত অংশও উচ্ছেদ করা হয়।

৬৬/১ এনসিজি রোড এলাকায় একটি ভবন নদীর পাঁচ ফুট অংশ দখল করে তৈরি হয়েছে। উচ্ছেদ করতে গেলে ভবনের একজন তত্ত্বাবধায়ক এক সপ্তাহের মধ্যে অবৈধ অংশ ভেঙে ফেলার মুচলেকা দেন। পাশেই অপর একটি ভবনের চার ফুট অংশ পড়েছে নদীর অংশে। কিন্তু ভবনটি ভাঙতে গিয়ে দেখা যায়, চার ফুট অংশ উদ্ধার করতে গেলে পুরো ভবনই ভেঙে পড়বে। পরে নিজ উদ্যোগে ভাঙার মুচলেকা নেওয়া হয় মালিকের কাছ থেকে।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল অভিযানের নেতৃত্ব দেন। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ঢাকার চারপাশে নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এই অভিযান চলছে। পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কটি চলাচলের উপযোগী করার জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. শহীদ উল্লাহ প্রথম আলোকে বলেন, আগামীকাল (আজ) বুধবার সদরঘাট অংশের দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে। এ ছাড়া কিছুদিনের মধ্যেই কদমতলা এলাকায় পরিবেশদূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করা হবে।