বুড়িগঙ্গা ইকোপার্ক উদ্বোধন আজ
শ্যামপুরে বুড়িগঙ্গার তীরে নির্মিত ‘বুড়িগঙ্গা ইকোপার্ক’ আজ রোববার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রাজধানীর নৌ-পর্যটন সুবিধা বাড়ানো এবং নদীর তীরে স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই ইকোপার্ক প্রকল্প বাস্তবায়ন করেছে। বুড়িগঙ্গা নদীর তীরভূমির সাত একর জায়গার ওপর এই ইকোপার্ক নির্মাণ করা হয়েছে। ‘বুড়িগঙ্গা নদী ও নদীর তীর দখলমুক্ত করার লক্ষ্যে বন্দর ও অন্যান্য সুবিধা নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত এই ইকোপার্কের প্রথম পর্যায়ে নির্মাণ ব্যয় হয়েছে এক কোটি ৪৭ লাখ টাকা। ইকোপার্কে বৃক্ষরোপণ, হাঁটার পথ, বিশ্রাম ছাউনি, শৌচাগার কমপ্লেক্স ইত্যাদির সুবিধা রয়েছে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার বলেন, উদ্ধার করা জায়গা ফের দখল ঠেকাতে এই পার্ক করা হয়েছে। এর মাধ্যমে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হলো। বিআইডব্লিউটিএর সূত্রমতে, শ্যামপুর থেকে পাগলা পর্যন্ত এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ। এ এলাকায় শিশু-কিশোর বা প্রবীণদের হাঁটাচলার জন্য কোনো নিরাপদ রাস্তা বা খোলা উদ্যান নেই। পার্কটির মাধ্যমে তাঁরা এ সুবিধা পাবে। আজ বিকেল চারটায় উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানম। সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার স্বাগত বক্তব্য দেবেন।