বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে রিকশা-ভ্যানচালকদের বিক্ষোভ, আহত ৮
বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে রিকশা ও ভ্যান চলাচল বন্ধের প্রতিবাদে চালকেরা গতকাল বৃহস্পতিবার সেতু অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে কেরানীগঞ্জের নেতা-কর্মীরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় আসার সময় তাঁদের বহনকারী যানবাহন ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এ সময় স্বেচ্ছাসেবক ও যুবলীগের নেতা-কর্মীদের হামলায় কমপক্ষে আটজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাতটার দিকে সেতুতে রিকশা ও ভ্যান চলাচল বন্ধ করে দেয় ঢাকা মেট্রোপলিটান পুলিশ। এতে রিকশা-ভ্যানচালকদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এক হাজারের বেশি রিকশা ও ভ্যানচালক সেতু অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। বিক্ষোভকারীরা সেতুর দক্ষিণ প্রান্তে ও কদমতলী এলাকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে রাজধানী ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, খুলনাসহ দক্ষিণাঞ্চলের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া কেরানীগঞ্জের নেতা-কর্মীরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাক ও বাসযোগে সেতু দিয়ে ঢাকা যাওয়ার সময় বিক্ষোভকারীরা তাঁদের বহনকারী যানবাহন ভাঙচুর করেন। এতে স্বেচ্ছাসেবক ও যুবলীগের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভকারীদের ওপর লাঠিসোঁটা নিয়ে পাল্টা হামলা চালালে আট-দশজন রিকশা ও ভ্যানচালক আহত হন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. সেলিম বলেন, শান্তিপূর্ণ গাড়িবহরে অতর্কিত রিকশা ও ভ্যানচালকেরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেন। তবে কোনো নেতা-কর্মী তাঁদের ওপর হামলা করেননি।সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর সেতুতে রিকশা ও ভ্যান চলাচলের আশ্বাস দিলে তাঁরা সকাল ১০টার দিকে অবরোধ তুলে নেন।রিকশাচালক আবদুল সাত্তার বলেন, কয়েক দিন ধরে এ সেতুকে ভিআইপি সড়ক ঘোষণা দিয়ে রিকশা-ভ্যান চলাচলে বাধা দিচ্ছে পুলিশ। সেতু দিয়ে রিকশা ও ভ্যান চলাচল বন্ধ করে দিলে তাঁরা কীভাবে ঢাকায় গিয়ে কাজ করবেন?শাহিন আহমেদ বলেন, রিকশা-ভ্যানচালকদের দাবি যৌক্তিক। এ ব্যাপারে ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করা হবে।মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুরান ঢাকার যানজট নিরসনে সেতু দিয়ে রিকশা-ভ্যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ায় রিকশা ও ভ্যানচালকদের সঙ্গে আলোচনা হয়েছে।