বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নিচে অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর বাবুবাজার অংশের নিচে অবৈধভাবে গড়ে উঠেছে অনেক পণ্য পরিবহন সংস্থার (ট্রান্সপোর্ট এজেন্সি) কার্যালয়। একই সঙ্গে সেতুর দুই পাশের রাস্তায় অবৈধ কাভার্ড ভ্যান, ট্রাক ও ট্রলির স্ট্যান্ড গড়ে উঠেছে। বাবুবাজারসহ আশপাশের এলাকায় সারা দিন যানজট লেগে থাকার কারণ এসব সংস্থা ও স্ট্যান্ড। তাই এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই।বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর বাবুবাজার অংশের নিচে জননী ট্রান্সপোর্ট, এসএ ট্রান্সপোর্ট, জেকে ট্রান্সপোর্ট, দোয়েল ট্রান্সপোর্ট, চান্দা ট্রান্সপোর্ট ও ফরিদপুর ট্রান্সপোর্ট অফিস খুলে বসেছে। এসব সংস্থা থেকে প্রতি মাসে ১০ থেকে ১২ হাজার টাকা ভাড়া নিচ্ছে একটি গোষ্ঠী। অন্যদিকে বাবুবাজার নদীর ঘাট থেকে শুরু করে সেতুর উভয় পাশের রাস্তা দখল করে অবৈধ ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রলির স্ট্যান্ড গড়ে উঠেছে।বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নাঈম প্রথম আলোকে বলেন, এসব অবৈধ স্ট্যান্ড ও পরিবহন সংস্থার কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটের কারণে সময় নষ্ট হয় বলে তাঁদের প্রতিষ্ঠানগুলোতে চাল বা অন্য মালামাল কিনতে আসা বন্ধ করেছেন অনেকে। এতে তাঁদের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। তিনি বলেন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের ভোগান্তিরও শেষ নেই।বাবুবাজারের স্থানীয় একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আরমানিটোলা মাঠের দক্ষিণ-পূর্ব পাশ থেকে মাজার পর্যন্ত জায়গায় পণ্য পরিবহন সংস্থার কার্যালয়গুলো গড়ে উঠেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব সংস্থায় মালামাল আসা শুরু করে। রাত নয়টার পর কাভার্ড ভ্যান ও ট্রাকে মালামাল তোলার সময় নির্ধারণ থাকলেও সন্ধ্যার পরই ট্রাক বোঝাই হতে থাকে।এ ব্যাপারে জননী ট্রান্সপোর্টের ব্যবস্থাপক মেদেহী হাসান বলেন, স্থানীয় একজনের কাছ থেকে তাঁরা কার্যালয়টি ভাড়া নিয়েছেন। যানজট সৃষ্টি হওয়ার ব্যাপারে তিনি বলেন, ঢাকা শহরে যানজট নিত্যসঙ্গী।জানতে চাইলে ঢাকা মহানগর ট্রান্সপোর্ট এজেন্সি ওনার্স অ্যাসেসিয়েশনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, সেতুর নিচের ট্রান্সপোর্টের কার্যালয় সম্পূর্ণ অবৈধ। এসবের কোনো সনদ নেই। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় তারা ব্যবসা করছে। প্রশাসন উঠিয়ে দিলে তাঁরা বাধা দেবেন না।রাস্তায় ট্রাক, পিকআপ ভ্যান ও পণ্য পরিবহন সংস্থার মালামাল রাখার কারণে যানজট সৃষ্টি হওয়ার ব্যাপারে জানতে চাইলে মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, পুরান ঢাকায় অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। মালামাল আনা-নেওয়ার কাজে ব্যবহূত যানবাহনের জন্য কোনো টার্মিনাল নেই। এ কারণে লোকজন রাস্তার ওপর গাড়ি রাখে। সরকার বাণিজ্যিকভাবে টার্মিনাল তৈরি করে ভাড়া দিলে সবার জন্য ভালো হবে। তিনি বলেন, মাঝেমধ্যে রাস্তা থেকে যানবাহন সরানোর নির্দেশ দেওয়া হলে এগুেলো নদীর ওপারে চলে যায়। কয়েক দিন পর আবার ফিরে আসে।