বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর সিঁড়িতে দোকান, চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর বাবুবাজার অংশের উভয় প্রান্তের সিঁড়িতে ও সিঁড়ির নিচে বেশ কিছু ভাসমান দোকান গড়ে ওঠায় যানবাহন এবং লোকজনের অবাধ চলাচল ব্যহত হচ্ছে। তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তি বেড়ে গেছে। সেতুর বাবুবাজার অংশের সিঁড়িতে ও সিঁড়ির নিচে গড়ে উঠেছে সিগারেট ও ফলের দোকান। দোকানগুলোর পাশে দুই সারিতে রাখা হয় অসংখ্য রিকশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানের সংখ্যাও বেড়ে যায়। এসব দোকান থেকে পুলিশ ও স্থানীয়রা চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেতুর ওপরে ও সিঁড়ির মধ্যের দোকানগুলোর কারণে লোকজনকে হেঁটে চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে। সিঁড়ির গোড়ায় রাস্তা দখল করে দোকান গড়ে ওঠায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সিঁড়ির নিচের ফল বিক্রেতা সোহরাব হোসেন জানান, রাস্তায় দোকান বসানোর কারণে প্রতিদিন পুলিশকে ৩৫ টাকা করে চাঁদা দেওয়া হচ্ছে। টং দোকানি বাবুল মিয়া জানান, এলাকার ভাইয়েরা তাঁকে এখানে এই দোকানটি বসানোর সুযোগ দিয়েছেন। ফুটপাত দখল করে দোকান তৈরি করায় লোকজনের ভোগান্তির বিষয়ে বাবুল মিয়া বলেন, ‘লোকজনের তো সমস্যা হইতেছে, কিন্তু আমাগো তো একটা কিছু কইরা বাঁচতে অইবে।’ রাজধানীর দক্ষিণের কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার; মুন্সিগঞ্জের সিরাজদিখান, শ্রীনগর ও মাওয়াসহ বিভিন্ন এলাকার অসংখ্য লোক বাসে করে প্রতিদিন ঢাকায় আসে। এদের মধ্যে যারা বাবুবাজার, নয়াবাজার, মিটফোর্ড, চকমোগলটুলি, চকবাজার, ইসলামপুরসহ আশপাশের এলাকায় মালামাল কেনাসহ বিভিন্ন কাজে আসা-যাওয়া করে। তারা সিঁড়িতে নেমে পড়েন। সিঁড়ি থেকে নামতেই চোখে পড়ে ভাসমান ফলের দোকান ও ভিক্ষুকদের আনাগুনা। নিচে নামতে শুরু হয় লোকজনের ভীড়। ভীড় ঠেলে নিচে নামতেই চোখে দেখা যায়, ফুটপাথ দখল করে টং দোকান এবং রাস্তা দখল করে ফলের দোকান রয়েছে। দোকানের পাশেই রিকশার সাঁড়ি। দেখা যায়, তীব্র যানজট। সিঁড়ির ওপরের কমলা বিক্রেতা মোবারক আলী জানান, এখানে ফল নিয়ে বসতে পারায় তিনি সেতু ঝাড়ু দেওয়ার কাজে নিয়োজিত ব্যক্তিকে প্রতিদিন পাঁচ টাকা করে চাঁদা দিচ্ছেন। দোকান বসানোর কারণে লোকজনের চলাচলের সমস্যার বিষয়ে জানতে চাইলে তা অকপটে স্বীকার করেন তিনি। সেতুর দুই পাশের সিঁড়িগুলো দীর্ঘদিনেও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না। এ কারণে সিঁড়ির ওপরে ময়লা-আবর্জনার স্তূপ জমেছে। বৃষ্টির দিনে ময়লা-আবর্জনা মাড়িয়ে চলাচল করতে ভোগান্তির সীমা থাকে না মানুষের। সেতুতে বসা দোকানপাট থেকে পুলিশের চাঁদাবাজির ব্যাপারে জানতে চাইলে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশের চাঁদাবাজির ব্যাপারে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের চাকরি থাকবে না। আর অন্য কেউ নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। তিনি বলেন, লোকজনের চলাচলে ভোগান্তি সৃষ্টি করে সেতুতে এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। দোকানগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।