বুড়িগঙ্গা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটের ভাটা, দুটি পাকা স্থাপনা, পাঁচটি বাঁশের ঘের, দুটি বাঁশের জেটিসহ ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালান।
ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, গতকাল সকালে ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলীর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়।
উচ্ছেদ অভিযানকারীরা ওই এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটের ভাটার ভরাট করা মাটির অংশ, নদীর তীরে অবৈধভাবে বাঁশ দিয়ে ঘের দেওয়া পাঁচটি স্থাপনা, দুটি পাকা স্থাপনা, বাঁশের দুটি জেটিসহ ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।
ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী বলেন, চলতি মাসের ৬ তারিখ থেকে গতকাল পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ধর্মগঞ্জ এলাকা ও দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে মুন্সিগঞ্জের চরবক্তাবলি এলাকা পর্যন্ত নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়।
১০ দিনের উচ্ছেদ অভিযানে নদীর তীরে বালু, মাটি ও কয়লা ভরাটের ২২টি স্থাপনা, ২৯টি ইটের ভাটার ভরাটকৃত মাটির অংশ, ১৯টি বাঁশের জেটি, ১১টি আধা পাকা স্থাপনা ও ১টি ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও বলেন, নদীর তীরে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।