বুড়িগঙ্গা নদীর দখল রোধে হাইকোর্টের সুয়োমোটো রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীর দখল রোধে হাইকোর্ট সুয়োমোটো (স্বতঃপ্রণোদিত) হয়ে রুল জারি করেছেন। বুড়িগঙ্গা দখলকারীদের পক্ষে নিম্ন আদালতের নিষেধাজ্ঞার কারণে হাইকোর্টের রায় বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কি না, তা জানাতে বলা হয়েছে। ১৩ ফেব্রুয়ারির মধ্যে ঢাকার জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে এ সময়ের মধ্যে ওই নদীর জরিপের প্রতিবেদনও দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রুল জারি করেন। জানা যায়, চার নদী রক্ষায় নির্দেশনা চেয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৫ জুন ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু নদী ও তুরাগ নদ রক্ষায় কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট। এরপর আপিল বিভাগে ওই আদেশ বহাল থাকে। তবে বুড়িগঙ্গা নদীর দখল নিয়ে নিম্ন আদালতের নিষেধাজ্ঞা-সংক্রান্ত প্রতিবেদন গতকাল একটি সংবাদপত্রে প্রকাশিত হয়। ওই বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ। এর পরিপ্রেক্ষিতে আদালত সুয়োমোটো রুল জারি করেন।