পানিদূষণ বন্ধ না হওয়া পর্যন্ত বুড়িগঙ্গার তলদেশ বেশি খনন করলে ভূগর্ভস্থ পানির স্তর দূষিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ‘বুড়িগঙ্গার বর্জ্য উত্তোলন ও ব্যবস্থাপনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এই আশঙ্কা প্রকাশ করেন। গতকাল বুধবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইটিএন সম্মেলন কক্ষে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বুয়েট আইটিএন বিভাগের যৌথ উদ্যোগে এই বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে বলা হয়, তলদেশের মাটি বেশি খুঁড়লে কাদামাটি সরে গিয়ে এই বিষাক্ত পানি ভূগর্ভে মিশে যাওয়ার আশঙ্কা আছে। তাই স্থানভেদে কতটুকু মাটি অপসারণ করা বিজ্ঞানসম্মত হবে, তা নিরূপণ করা জরুরি। বৈঠকে আলোচনা করেন বুয়েটের উপাচার্য এ এম এম সফিউল্লাহ, সহ-উপাচার্য এম হাবিবুর রহমান, অধ্যাপক জসীম উদ্দীন আহমেদ, অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়াও আলোচনায় অংশ নেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আক্তারুজ্জামান, প্রকৌশলী ইনামুল হক, অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক রফিকুল ইসলাম, নাসিম আহমেদ, বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার, শফিউদ্দীন সরকার প্রমুখ। বক্তারা বলেন, বর্তমানে সদরঘাট টার্মিনাল এলাকা থেকে বর্জ্য তোলা হচ্ছে এবং তা বছিলার অদূরে সামলাসি এলাকার নিচু জমিতে ফেলা হচ্ছে। এই বর্জ্যে ক্ষতিকারক পদার্থ বা হেভি মেটাল থাকতে পারে। বর্জ্য ফেলার পদ্ধতি যথাযথ না হলে এসব পদার্থ মানবস্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি তরল বর্জ্য আশপাশের আবাদি জমিতে ছড়িয়ে পড়লে ফসলের ক্ষতি হতে পারে। তা ছাড়া যেভাবে বর্জ্য পরিবহন করা হচ্ছে, তা পরিবেশসম্মত নয়। এ এম এম সফিউল্লাহ বলেন, বুড়িগঙ্গার অভিযান সফল করতে হলে উদ্ভূত সমস্যাগুলো বিজ্ঞানসম্মতভাবে নিরূপণ করে তার সঠিক সমাধান করতে হবে। বর্জ্যের মধ্যে কী ধরনের ধাতব পদার্থ আছে, তা পরীক্ষা করা জরুরি। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গবেষক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষের মতৈক্যের ভিত্তিতে নদীকে দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া এবং সরকারকে সহায়তা করার আহ্বান জানান।সভায় বক্তারা আরও বলেন, যেসব কলকারখানা থেকে এখনো বুড়িগঙ্গায় বর্জ্য পড়ছে, সেগুলো চিহ্নিত করে অপরাধীদের শাস্তি দিতে হবে। এ ছাড়া নদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে বাধ্য করতে হবে। এ অভিযানকে সফল করা সার্বিক পরিবেশের জন্য খুবই প্রয়োজন। কেননা, বুড়িগঙ্গার এই উদাহরণ দেশের অন্যান্য নদীকে বাঁচাতেও সাহায্য করবে।