বুড়িগঙ্গা রক্ষায় আদালতের রায় কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল শনিবার বাবুবাজার-সংলগ্ন বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর টোলঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে বাপা এই দাবি জানায়।মানববন্ধনে বক্তারা বলেন, কিছু স্বার্থান্বেষী মহল ও শিল্প-কারখানার কারণে বুড়িগঙ্গার শোচনীয় অবস্থা। এতে দুই কোটি মানুষের জীবন আজ বিপন্ন।সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, সেবার নির্বাহী পরিচালক মো. নুরুদ্দিন, নারীপক্ষের সমন্বয়ক হাসান ইউসুফ প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রীকে বুড়িগঙ্গার অবস্থা সরেজমিন দেখার আহ্বান জানান।বক্তারা দ্রুত বুড়িগঙ্গার সঠিক সীমানা নির্ধারণ, নদীর জমি উদ্ধার; নদীবিষয়ক টাস্কফোর্স কার্যকর করা; শিল্প-কারখানায় বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপন; পরিবেশবান্ধব নদীনীতি ও শক্তিশালী নদী রক্ষা আইন প্রণয়ন; হাজারীবাগের ট্যানারি সরিয়ে নেওয়ার দাবি করেন।