বুড়িগঙ্গাতীরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজধানীর লালবাগের ইসলামবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) যৌথভাবে গতকাল সোমবার এই অভিযান চালায়।গতকাল বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত কামালবাগে অভিযান চালান। বিআইডব্লিউটিসির জায়গায় অবৈধ টংঘর তৈরি করায় আদালতের নির্দেশে তা ভাঙচুর করা হয়। এ সময় লালবাগের সাবেক সাংসদ হাজি সেলিমের মালিকানাধীন এমটিসি পানির ট্যাংকের গুদামঘরের আংশিক ভাঙচুর করা হয়।এমটিসি গ্রুপের মহাব্যবস্থাপক নাজিমউদ্দিন বলেন, জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসির লোকজন গুদামের ১০ ফুট জায়গা নদীর ওপর পড়েছে বলে দাবি করেন। এ সময় নিজ উদ্যোগে ওই অংশটি ভেঙে দেওয়া হয়।ঢাকা সিটি করপোরেশনের ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির বলেন, ‘কামালবাগের কেউ নদী দখল করে বাড়ি নির্মাণ করেনি। অথচ উচ্ছেদ অভিযানকারীরা ১৫টি বাড়িঘর ভেঙে দিয়েছে। উচ্ছেদের বিষয়ে কাউকে নোটিশ দেওয়া হয়নি।’এরপর আদালত একই থানার ইসলামবাগের চেয়ারম্যানঘাটে অভিযান চালান। সেখান বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। ওই এলাকার বাসিন্দা হানিফ মিয়া জানান, তাঁর মালিকানাধীন জমিতে তিনি তিনতলা ভবন নির্মাণ করেন। সরকারকে খাজনা দেওয়া হচ্ছে। অথচ সরকার স্থাপনাগুলো অবৈধ দেখিয়ে ভবনের ১০ ফুট ভেঙে দেওয়া হয়েছে।ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এমটিসি গ্রুপের পানির ট্যাংকের গোডাউনের অন্তত ২০ ফুট জায়গা দখল করা। ওই জায়গা দখলমুক্ত করতে গেলে তারা নিজ উদ্যোগে তা ভেঙে ফেলে। ওয়ার্ড কাউন্সিলরের অভিযোগ সঠিক নয়। গতকাল উচ্ছেদ অভিযানে চারটি দ্বিতল ভবনের আংশিক, ১৫টি আধা পাকা ভবন, ৫২টি টংঘর, ছোটবড় বেড়ার ঘরসহ এ সময় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা অবৈধ স্থাপনার মধ্যে বিআইডব্লিউটিসির ৪২টি ও পানি উন্নয়ন বোর্ডের ৩৮টি স্থাপনা রয়েছে।