বুড়িগঙ্গাতীরের ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুড়িগঙ্গা নদীতীরে অবৈধভাবে গড়ে ওঠা চারটি বহুতল ভবন, আধাপাকা টিনশেডের ছোট-বড় স্থাপনাসহ অন্তত ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।গতকাল সোমবার রাজধানীর শ্যামবাজার, উল্টিনগঞ্জ, ফরাশগঞ্জ, মিলব্যারাক, আরসিন গেট ও পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় ওই উচ্ছেদ অভিযান চালানো হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ওই অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন।বেলা ১১টার দিকে শ্যামবাজার এলাকায় সবজি বিক্রির কয়েকটি ছোট দোকান ভেকুর সাহায্যে উচ্ছেদের মাধ্যমে অভিযান শুরু হয়। ফরাশগঞ্জ এলাকায় আলী গার্মেন্টসের আংশিক স্থাপনা উচ্ছেদ করতে গেলে কারখানার তত্ত্বাবধায়ক মো. জামিল সাংবাদিকদের বলেন, তাঁর মালিক মো. আলী পাঁচ কাঠা জায়গা কিনে মার্কেট করেছেন। তাঁদের স্থাপনা অবৈধ জায়গায় নয়, উল্টো তাঁর মালিক রাস্তার জন্য কিছু জায়গা ছেড়ে দিয়েছেন। অপর দখলভোগকারী মুসা মিয়ার ভাতিজা মো. মিজান বলেন, তাঁর চাচা সরকারি জায়গা দখল করেননি। বরং বেড়িবাঁধের রাস্তায় তাঁদের আধা শতাংশ জায়গা রয়েছে। উচ্ছেদকারীরা অবৈধভাবে প্রায় ছয় ফুট অংশের দেয়াল ভেঙে দিয়েছে। উল্টিনগঞ্জ এলাকার সনি স মিলের মালিক আবদুল গনির ছেলে মো. দেলোয়ার বলেন, ‘আমাদের কেনা আড়াই কাঠা জায়গায় বাবা স মিল বানিয়েছেন। আমরা সরকারি জায়গা দখল করিনি। কিন্তু উচ্ছেদকারীরা নদীর জায়গা দাবি করে আমাদের স্থাপনা ভেঙে দিয়েছে।’এ ছাড়া উচ্ছেদ অভিযানকারীরা উল্টিনগঞ্জ এলাকায় বিআইডব্লিউটিএর দখল করা ৬০ ফুট প্রস্থ ও ৩০ ফুট লম্বা আধাপাকা টিনশেডের গুদাম ও পোস্তগোলা এলাকায় আরেকটি গুদামের দেয়ালের অংশবিশেষ ভেঙে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঢাকা নদীবন্দরের উপপরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, বিআইডব্লিউটিএর উচ্ছেদ করা গুদামগুলো হাইকোর্টের নির্দেশ মোতাবেক ভাঙা হয়েছে। উচ্ছেদ অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন সাংবাদিকদের বলেন, সরকারি-বেসরকারি যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি হোক না কেন, অবৈধভাবে নদী ও নদীর তীর দখল করলে তা উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক মোহাম্মদ আলীসহ বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ সদস্য এবং অর্ধশতাধিক শ্রমিক অংশ নেন।