বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে গুঁড়িয়ে দেওয়া হলো চার ভবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলে (দ্বিতীয় চ্যানেল) অভিযান চালিয়ে ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে আজ রোববার রাজধানীর লালবাগ থানার কামরাঙ্গীরচর মৌজায় এই অভিযান পরিচালনা করে।
বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিআইডব্লিউটিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান পরিচালনা করে নদীর সীমানায় থাকা দুটি চারতলা বাড়ি, একটি দোতলা বাড়ি ও একটি একতলা বাড়ি উচ্ছেদ করা হয়েছে। এ সময় একটি ছয়তলা ও একটি তিনতলা বাড়ির অংশবিশেষ ভেঙে ফেলা হয়।
উচ্ছেদের সময় ভেঙে ফেলা হয়েছে ১৩টি টিনের ঘর, ২টি পাকা দেয়াল। এ ছাড়া এক একর সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।