বুড়িগঙ্গার তীরে চলছে লঞ্চের জোড়াতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে পুরোনো লঞ্চ মেরামতের কাজ চলছে এখন। গত শনিবার সদরঘাট এলাকা থেকে ছবিটি তুলেছেন হাসান রাজা
ঈদ উপলক্ষে পুরোনো লঞ্চ মেরামতের কাজ চলছে এখন। গত শনিবার সদরঘাট এলাকা থেকে ছবিটি তুলেছেন হাসান রাজা

ঈদ সামনে রেখে এবারও সদরঘাটের দুটি টার্মিনাল থেকে যাত্রার জন্য তৈরি করা হচ্ছে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ, দুর্বল এমনকি ফিটনেসবিহীন যাত্রীবাহী লঞ্চ। সদরঘাটের আশপাশে বুড়িগঙ্গা নদীতীরের কিছু ডকইয়ার্ডে এগুলো জোড়াতালি দিয়ে রং করে ঝকঝকে করে তোলার চেষ্টা চলছে।
গতকাল রোববার সদরঘাট এলাকায় গিয়ে এবং নৌসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়। ২০১৪ সালের ৪ এপ্রিল ঈদে ঢাকায় ফেরা মানুষ নিয়ে মাওয়ায় এমভি মিরাজ-৬ ডুবে ৫৪ যাত্রী মারা গিয়েছিলেন। ওই লঞ্চটির ত্রুটি ছিল।
সদরঘাটের আশপাশে বুড়িগঙ্গার তীরে যেসব ডকইয়ার্ডে লঞ্চ তৈরি ও মেরামত হচ্ছে, তার মধ্যে বেশ কয়েকটি ডকইয়ার্ড অবৈধভাবে গড়ে উঠেছে। কিন্তু এগুলোর বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যথাযথ ব্যবস্থা নেয় না বলে অভিযোগ রয়েছে। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, ২০০৭ সালের ফেব্রুয়ারির পর এসব ডকইয়ার্ডের বিরুদ্ধে কার্যকর কোনো উচ্ছেদ অভিযান হয়নি। ডকইয়ার্ডগুলো নদীদূষণ করছে বলেও পরিবেশবাদীরা বলছেন। তবে বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে বলেছেন, ঈদে সদরঘাট থেকে যেসব লঞ্চ ছাড়বে, সেগুলো পরীক্ষা করে তবেই ছাড়তে দেওয়া হবে।
গতকাল দুপুরে কেরানীগঞ্জের চর কালীগঞ্জ তেলঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সাতটির মতো পুরোনো লঞ্চ জোড়াতালি দেওয়া ও রং করার কাজ করছেন মিস্ত্রি ও শ্রমিকেরা। এগুলোর মধ্যে রয়েছে মুলাদীগামী অভিযান-৩, বরগুনাগামী যুবরাজ-২, ঘোষেরহাটগামী প্রিন্স অব রাসেল-১, গঙ্গাপুরগামী জাহিদ-৭, মানিক ৪ ও ৮ এবং পাতারহাট-৫। শ্রমিক ছাড়া কারিগরিভাবে অভিজ্ঞ কাউকে পাওয়া যায়নি। এই লঞ্চগুলোর ফিটনেস সার্টিফিকেট আছে কি না, তা-ও জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক তেলঘাট এলাকার এক ওয়েল্ডিং মিস্ত্রি জানান, সপ্তাহ খানেক ধরে এসব লঞ্চের মেরামতের কাজ চলছে।
এর আগে বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় পারজোয়ার ডকইয়ার্ডে গিয়ে দেখা যায়, শ্রীনগর-২ নামের একটি লঞ্চ মেরামত করা হচ্ছে। ওই ডকইয়ার্ডের কর্মচারী মিজানুর রহমান বলেন, লঞ্চটি ঈদে চলবে, তাই মেরামত করা হচ্ছে। সামান্য কিছু সমস্যা ছিল, সংস্কার করা হয়েছে। দুই দিনের মধ্যে লঞ্চটি ডক থেকে নামানোর কথা। লাকী ডক ইয়ার্ডে তিনতলার একটি লঞ্চ- এমভি আওলাদ-৭ নির্মাণ করে পানিতে নামানো হচ্ছিল। সেখানে কর্মরত আবদুস সাত্তার জানান, পুরোনো নয়, ঈদ উপলক্ষে তাঁরা নতুন লঞ্চ নামাচ্ছেন।
লঞ্চের ফিটনেস সার্টিফিকেট দেয় সমুদ্র পরিবহন কর্তৃপক্ষ। যোগাযোগ করা হলে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম বলেন, অতি ঝুঁকিপূর্ণ ও দুর্বল কিছু লঞ্চকে এবার ফিটনেস দেওয়া হয়নি। এগুলোর মধ্যে সুরেশ্বর, মাদারীপুরসহ বিভিন্ন রুটের আড়াইতলার লঞ্চও রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, যেসব ডকইয়ার্ডে এসব লঞ্চ জোড়াতালি দেওয়া বা রং করার কাজ চলছে, সেগুলোতে বিআইডব্লিউটিএ কোনো অভিযান চালাচ্ছে না। এগুলোর কিছু কিছু অবৈধভাবে গড়ে ওঠা। এসব ডকইয়ার্ড নদীদূষণ করছে এবং স্বাভাবিক প্রবাহে বিঘ্ন সৃষ্টি করছে, এমন মন্তব্য করেছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান।
বিআইডব্লিউটিএর কয়েকজন কর্মকর্তা বলেন, নদীতীরের ডকইয়ার্ড সরিয়ে ফেলার জন্য মালিকদের একাধিকবার নোটিশও দেওয়া হয়েছিল। ডকইয়ার্ড মালিকেরা স্থানান্তরের জন্য জায়গা চেয়েছিলেন। কিন্তু তা দেওয়া সম্ভব হয়নি।