বুড়িগঙ্গার তীরে ৩৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা ৩৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।উচ্ছেদ হওয়া স্থাপনার মধ্যে পাঁচটি আধা পাকা ও চারটি পাকা ভবন এবং ২৯টি ছোট-বড় টিনের টংঘর রয়েছে। এদিকে উচ্ছেদ অভিযানে অংশ নেওয়ার আগেই বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর কাছে সাহায্যকারী যন্ত্র ভেকু বিকল হয়ে যায়। পরে ভেকু ছাড়াই শ্রমিকেরা গাইতি, শাবল দিয়ে অভিযানে অংশ নেন। বেলা আড়াইটায় ভেকু সচল হলে তা উচ্ছেদ কাজে অংশ নেয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেলা ১১টার দিকে ছোট কাটরা এলাকার হাজি শরীফ খান মার্কেটে মানিকগঞ্জ ট্রান্সপোর্ট ও মক্কা ট্রেডিংসহ তিনটি দোকান, কলি অ্যালুমিনিয়াম স্টোর ও আমিন এন্টারপ্রাইজের আধা পাকা দোকান উচ্ছেদের মাধ্যমে অভিযান শুরু হয়। পরে ২৩/২ ইমামগঞ্জ এলাকার মেসার্স আয়শা এন্টারপ্রাইজ, কামরুল আমিন খান মার্কেট, হাজি রহিম নেওয়াজ মার্কেট, হাজি মো. আলী মার্কেট, হাজি আফসার উদ্দিন মার্কেটের আধা পাকা দোকানঘর উচ্ছেদ করা হয়। হাজি আফসার উদ্দিন মার্কেটের মালিক আফসার উদ্দিন বলেন, তাঁদের বাপ, চাচা ও ভাইদের প্রায় তিন বিঘা পৈতৃক সম্পত্তি রয়েছে। এই সম্পত্তিতে গড়ে ওঠা তাঁদের চারটি মার্কেটের ১০টি আধাপরকা দোকানঘর নদীর জায়গা বলে অভিযানকারীরা ভেঙে দিয়েছে। আমাদের এ জমির বিষয়ে উচ্চ আদালতে স্থগিতাদেশ রয়েছে। কিন্তু প্রশাসন এর কোনো তোয়াক্কা না করে সেগুলো ভেঙে দিয়েছে।ইমামগঞ্জে নুরুন্নাহার বেগমের দ্বিতীয় তলা ভবনের সামনের ছয়টি পাকা দোকানঘরও উচ্ছেদ করা হয়। নুরুন্নাহার বলেন, ‘১৯৯৬ সালে জুলি শাহা গংদের কাছ থেকে দেড় কাঠা জমি কিনে সেখানে দ্বিতীয় তলা ভবন নির্মাণ করেছি। অথচ সরকারের লোকজন নদীর জায়গা বলে সেগুলো ভেঙে দিয়েছে।’ অভিযানে নেতৃত্ব দেওয়া ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, শুধু নদীর জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। আর নদীর জায়গা দখলদার যেই হোক তার অবৈধ স্থাপনা যেকোনো মূল্যে উচ্ছেদ করা হবে। দখলদারদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।ঢাকা নদী বন্দরের উপপরিচালক মো. শহীদ উল্লাহ বলেন, উচ্ছেদ অভিযানে র্যাব, পুলিশ, আনসার সদস্যসহ অর্ধশত শ্রমিক উচ্ছেদ অভিযানে অংশ নেন।