বুড়িগঙ্গার দূষণ রোধে সচেতনতা সৃষ্টির আহ্বান
বুড়িগঙ্গার দূষণ রোধে লোকজন যাতে এই নদীতে ময়লা-আবর্জনা না ফেলে, সে জন্য সচেতনতামূলক প্রচার চালানোর আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আবদুল মালেক মিয়া বুড়িগঙ্গা ও তুরাগে সঞ্চিত পলিথিনসহ বর্জ্য অপসারণ প্রকল্প পরিদর্শনের সময় এ আহ্বান জানান।গতকাল সকাল পৌনে ১০টার দিকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ একটি দল সদরঘাট থেকে দুটি যন্ত্রচালিত নৌকায় যাত্রা শুরু করে। দলটি কামরাঙ্গীরচরের দিকে গিয়ে বুড়িগঙ্গা নদীর কালীগঞ্জ এলাকায় বর্জ্য অপসারণ করতে দেখে। এসকেভেটরের সাহায্যে নদী থেকে বর্জ্য তুলে বার্জে ফেলা হচ্ছিল। এ সময় জিঞ্জিরা, রহমতপুর, সোয়ারীঘাট এলাকায় নদীর পাড়ে ময়লা-আবর্জনার স্তূপ দেখা যায়। কামরাঙ্গীরচরে নদীতে নাব্যতা থাকায় সেখানে ড্রেজিং করা হচ্ছে। পরে ফতুল্লার পাগলায় গিয়ে ময়লা ফেলা দেখে দলটি।নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিআইডব্লিউটিএ বুড়িগঙ্গা ও তুরাগের পানি দূষণমুক্ত এবং পরিবেশ উন্নয়নে নদীর তীর ও তলদেশ থেকে পলিথিনসহ বিভিন্ন বর্জ্য উত্তোলন ও অপসারণ কার্যক্রম গ্রহণ করে। এ লক্ষ্যে গত বছরের ৬ জানুয়ারি বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর উভয় পাশে এক কিলোমিটার এলাকায় কাজ শুরু হয়। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া বলেন, এই প্রকল্প সফল করতে হলে ঢাকা সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে যৌথভাবে কাজ করতে হবে। এ সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার হোসেন, পরিচালক সুকুমার বিশ্বাসসহ বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।