দুপুর সাড়ে ১২টা। থেমে গেল রিকশা। রাস্তার ওপর পণ্য নিয়ে বসে থাকা দোকানদারকে রিকশারোহী বললেন, ‘ভাই আমাকে একটু যেতে দিন, লঞ্চ ছেড়ে দেবে।’তেড়ে এলেন দোকানদার, ‘এই পথে আইছেন ক্যান? যান, মেইন রোড দিয়া ঘুইরা যান। অ্যাই রিকশা, ঘুইরা যা।’ রিকশাওয়ালা যাত্রীকে বললেন, ‘নাইম্যা যান, ভাই। আমি আর যামু না।’ ‘এই বড় লাগেজ নিয়ে আমি কীভাবে যাব?’ এই আকুতি পৌঁছাল না কারও কানে। নিরুপায় আরোহীটি ঘাড়ে ভারী ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলেন। আরোহী আবদুল গনি এই প্রতিবেদককে বলেন, শ্যামবাজার প্রধান সড়কে ট্রাক চলাচলের কারণে যানজট লেগেছে। আধা ঘণ্টা অপেক্ষার পর তিনি বিকল্প পথ দিয়ে সদরঘাট যাওয়ার জন্য রিকশা ঘুরিয়ে নেন।বিকল্প পথটি বুড়িগঙ্গা নদীর উত্তর পাড়ে পোস্তগোলা থেকে পশ্চিম দিক বরাবর গাবতলী পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ। বুড়িগঙ্গা বাঁধ ও পশ্চিমাঞ্চলীয় বাঁধের ওপর নির্মিত। পোস্তগোলা থেকে যাত্রাবাড়ী হয়ে প্রধান সড়কের যানবাহনের চাপ কমাতে এই সড়ক তৈরি হয় ২০০৪ সালে। কিন্তু শ্যামবাজারের পেছনে রাস্তা দখল করে গড়ে ওঠা বুড়িগঙ্গা পাড়ের কাঁচাবাজার এবং বাদামতলী ফলমূলের আড়ত থাকায় সড়কটিতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। অনুসন্ধানে দেখা যায়, ২০০৮ সালের জানুয়ারিতে শ্যামবাজার ও বাদামতলীর সড়কপাড়ের জায়গার ইজারা বাতিল হয়ে গেলেও আগের কাগজপত্রের ওপর ভিত্তি করেই সেখানে রমরমা ব্যবসা চলছে। এর আগে ইজারা দেওয়ার সময় কথা ছিল, সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত ওই দুটি স্থানে বাজার বসবে না। শ্যামবাজারের কাঁচাবাজারটি ‘শ্যামবাজার কৃষিপণ্য আড়ত বণিক সমিতি’র নিয়ন্ত্রণে।সমিতির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম স্বীকার করেন, ওয়ান-ইলেভেনের পর ইজারা বাতিল করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্যামবাজার থেকে বাদামতলী হয়ে বাবুবাজার পর্যন্ত এলাকা ‘বাকল্যান্ড বাঁধ’ বলে পরিচিত। ১৯৮৪ সালে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকা সিটি করপোরেশনের (তদানীন্তন ঢাকা মিউনিসিপ্যালিটি) কাছে এই এলাকা হস্তান্তর করে। সংরক্ষণ, মেরামত ও সার্বক্ষণিক যান চলাচলের উপযোগী করতে ডিসিসিকে এটি দেওয়া হয়। কিন্তু পরে সিটি করপোরেশন শ্যামপুর, বাদামতলী এলাকার কিছু জায়গা স্থানীয় ব্যবসায়ী সমিতির কাছে ইজারা দেয়। সমিতিগুলো নির্ধারিত জায়গা ছেড়ে রাস্তার ওপর ফলমূল, চাল, শাকসবজির বাজার বসিয়ে দেয়। পরে বিষয়টি স্থায়ী রূপ নেয়।আগে সড়কটি পাকা ছিল না। ২০০৪ সালে পোস্তগোলা থেকে বাদামতলী, লালবাগ হয়ে গাবতলী পর্যন্ত ২৪ কিলোমিটার পাকা সড়ক চালু করা হয়। মূল ঢাকার ওপর যানবাহনের চাপ কমাতে এই সড়কটি নির্মাণ করা হলেও শ্যামবাজার ও বাদামতলীতে রাস্তার ওপর বাজার বসে যাওয়ায় তা ব্যাহত হচ্ছে বলে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা অভিযোগ করেছেন।বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন সূত্র জানায়, ২০০৮ সালে অভিযান চালিয়ে এখানকার অবৈধ স্থাপনা, দোকান ও কাঁচাবাজার উচ্ছেদ করা হয়। বাকল্যান্ড বাঁধ সড়কের তিন কিলোমিটার এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর ফলে পোস্তগোলা থেকে গাবতলী পর্যন্ত সড়কপথে যানবাহন চলাচলের পথও উন্মুক্ত হয়ে যায়। পরে আবার আগের অবস্থাই ফিরে আসে।এদিকে শ্যামপুর কাঁচাবাজার ও বাদামতলীর সব বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন উপপরিচালক মো. শরীফ আফজাল প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেন, দীর্ঘদিন বর্জ্য পড়ার কারণে নদীর তলদেশ ভরাট হয়ে যায়। বারবার এসব বর্জ্য পরিষ্কারও করা হয়েছে। শ্যামবাজার নদীর পাড় থেকে সম্প্রতি ২০০ ট্রাকের মতো বর্জ্য সরানো হয়েছে। তবে কিছু বর্জ্য এখনো রয়ে গেছে।শ্যামবাজার কৃষিপণ্য আড়ত বণিক সমিতির সভাপতি দাবি করেন, নির্ধারিত সময়ের বাইরে ওই এলাকায় কাঁচাবাজার বসে না এবং নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে। যদিও গত শুক্রবার প্রথম আলোর আলোকচিত্রী ছবি তোলার সময় শ্যামবাজারের পেছনে নদীর পাড়ের পুরো রাস্তা অবরুদ্ধ ছিল। বেশির ভাগ জায়গা ছিল মালামাল আনার ট্রাকবোঝাই।