বুড়িগঙ্গার বর্জ্য অপসারণ কার্যক্রম সফল করতে সমন্বয় প্রয়োজন
‘আমরা চাই বুড়িগঙ্গাসহ দেশের নদীগুলোকে বাঁচাতে। বুড়িগঙ্গায় বর্জ্য অপসারণ অভিযান সফল করতে হলে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় আনতে হবে। আমরা সমন্বয়ের মধ্যে কাজ করতে চাই।’ গতকাল বুধবার সদরঘাট টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এ এম এম সফিউল্লাহ এ কথা বলেন। বুড়িগঙ্গার বর্জ্য অপসারণ কাজ সরেজমিনে দেখতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (পবা) আমন্ত্রণে সকালে তিনি সদরঘাট আসেন। পরে বিআইডব্লিউটিএর ইঞ্জিনবাহী নৌকা (ওয়ার্ক বোট) কনক-এ করে তিনি বাদামতলীতে বর্জ্য তোলা এবং বসিলায় বর্জ্য ফেলার জায়গা পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেখা যায়, বাদামতলী ও কালীগঞ্জ এলাকায় নিম্নমানের স্কেভেটর যন্ত্র দিয়ে বর্জ্য তোলা হচ্ছে। যন্ত্রটি নদীর তলদেশের বর্জ্য যথাযথভাবে তুলতেও পারছে না। মাত্র দুটি কার্গো জাহাজের সাহায্যে আবর্জনা নিয়ে যাওয়া হচ্ছে। বসিলা এলাকায় অস্থায়ী বর্জ্য ফেলার জায়গাতেও যথাযথভাবে আবর্জনা রাখা যাচ্ছে না। বর্জ্য তরল করে পাইপের মাধ্যমে খোলা মাঠে ছেড়ে দেওয়া হচ্ছে। বুয়েটের উপাচার্য প্রথম আলোকে বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএ প্রথমবারের মতো বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে তাই এর সফলতা সম্পর্কে এখনো মন্তব্য করা ঠিক হবে না। তবে যেসব উত্স থেকে নদী দূষণ হচ্ছে, সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। ‘পবা’র পক্ষ থেকে বলা হয়, বিআইডব্লিউটিএর উদ্যোগে বুড়িগঙ্গার তলদেশ পরিচ্ছন্নতা অভিযান অবশ্যই যুগান্তকারী ঘটনা। কিন্তু কোটি কোটি টন বর্জ্য কীভাবে উত্তোলন করা হবে, পরিবহন করা হবে এবং পরিবেশ বাঁচিয়ে কোথায় বর্জ্য ফেলা হবে—এসব বিষয় সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। এখন নদী থেকে তোলা বর্জ্য যেখানে সেখানে ফেলা হচ্ছে। বৃষ্টি হলে এসব বর্জ্য আবার নদীতে এসে জমবে। তাদের পক্ষ থেকে অবিলম্বে পরিকল্পনামাফিক বর্জ্য অপসারণের পদক্ষেপ নেওয়ার জন্য বিআইডব্লিউটিএর প্রতি আহ্বান জানানো হয়। কর্মসূচিতে পানি উন্নয়ন গবেষণা কেন্দ্রের সাবেক মহাপরিচালক ইনামুল হক, পানি গবেষক মো. আবদুস সোবহান, পবার চেয়ারম্যান আবু নাসের খান প্রমুখ অংশ নেন।