বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে অপসারণ করা বর্জ্য ও পলিথিন জমা করার (ডাম্পিং) জায়গা পাওয়া নিয়ে জটিলতা দেখা দেওয়ায় ‘বর্জ্য ও পলিথিন অপসারণ কর্মকাণ্ড’ প্রায় স্থবির হয়ে পড়েছে।বুড়িগঙ্গার তলদেশ থেকে ওঠানো ময়লা, আবর্জনা, পলিথিন বর্জ্য রাখার সুনির্দিষ্ট জায়গা এখন পর্যন্ত পাওয়া যায়নি। উত্তোলনস্থল ঘুরে এ অবস্থা দেখা গেছে।প্রসঙ্গত, গত বুধবার থেকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে বর্জ্য ও পলিথিন অপসারণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান।নদীর তলদেশ থেকে তুলে আনা বর্জ্য ও পলিথিন জমা করার জন্য বিআইডব্লিউটিএ জায়গা নির্ধারণ করে মিরপুর ও আমিনবাজার এলাকায়। সেখানে ডাম্পিংয়ের সুব্যবস্থা না থাকায় এসব বর্জ্য ও পলিথিন নিয়ে বিপাকে পড়েছে বলে জানিয়েছে অপসারণকারী জাহাজ কর্তৃপক্ষ সূত্র।অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গত রোববার কেরানীগঞ্জের আগানগর নদীধারা খেয়াঘাট এলাকায় নদীর তীরে টিন দিয়ে ঘেরা ডাম্পিংয়ের জায়গা নির্ধারণ করলে গতকাল রোববার সকাল থেকে অপসারণ করা বর্জ্য পলিথিন সেখানে ফেলে জড়ো করা হচ্ছে। তবে তা সাময়িক ব্যবস্থা বলে জানা গেছে।বর্জ্য অপসারণকারী জাহাজ এমভি রমিজউদ্দিন জাহাজের কর্মচারী মো. সোহাগ জানান, নদীর তলদেশ থেকে ওঠানো বর্জ্য ডাম্পিংয়ের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে। গতকাল থেকে কেরানীগঞ্জের আগানগর নদীধারা খেয়াঘাটে টিন দিয়ে ঘের দেওয়া জায়গায় বর্জ্য ফেলা শুরু করা হয়েছে। পরবর্তী সময়ে এসব বর্জ্য ট্রাকযোগে অন্যত্র নিয়ে যাওয়া হবে।এদিকে বুড়িগঙ্গার উভয় তীর এলাকায় বেড়িবাঁধের ওপর এবং নদীর তীরে ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলা অব্যাহত রয়েছে। গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, লালবাগ থানাধীন শহীদনগর বালুঘাট, ইসলামাবাগ আলীরঘাট, মিটফোর্ড বাদামতলী ঘাট, সোয়ারীঘাট, ইসলামাবাগ চুনারঘাট এবং কেরানীগঞ্জের আগানগর, জিনজিরা খেয়াঘাট, ইস্পাহানী নদীধারা খেয়াঘাট এলাকায় বেড়িবাঁধ ও নদীতীরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মো. রকিবুল ইসলাম বলেন, গত পাঁচ দিনে বুড়িগঙ্গার তলদেশ থেকে প্রায় দুই হাজার টন বর্জ্য পলিথিন অপসারণ করা হয়েছে।তিনি জানান, আজ থেকে অপসারণ করা বর্জ্য ও পলিথিন ডাম্পিংয়ের জন্য সাভারের সলমাছি এলাকায় জায়গা নির্ধারণ করা হয়েছে।