বুড়িগঙ্গার সীমানা নির্ধারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি ভিত্তিতে বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোর সীমানা নির্ধারণ ও দখল হয়ে যাওয়া নদীর জায়গা উদ্ধার করে সংরক্ষণের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল মঙ্গলবার সকালে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে বাপার প্রতিনিধিদল এ দাবি জানায়। তারা নদীবিষয়ক টাস্কফোর্সের গৃহীত সুপারিশমালা বাস্তবায়নের জন্যও মন্ত্রীকে অনুরোধ করে।প্রতিনিধিদল মন্ত্রীর কাছে যেসব দাবি তুলে ধরে তাহলো: নদীর পাড়ে গাছ ও ঘাস লাগানো, জনসাধারণের জন্য বসার স্থান নির্মাণ, বুড়িগঙ্গার পাড়ে কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণ না করা, নদীর পাড় বা কাছাকাছি এলাকায় শিল্পকারখানাগুলোর বর্জ্য ও ঢাকা ওয়াসা সংগৃহীত বাসাবাড়ির বর্জ্য পরিশোধনের প্ল্যান্ট সংযুক্ত করা। তারা নদী দখল ও দূষণ পর্যবেক্ষণের জন্য সরকারি বা বেসরকারি উদ্যোগে পর্যবেক্ষক নিয়োগ করা, সিটি করপোরেশনের বর্জ্য নিষ্কাশন কর্মক্ষমতা বাড়ানোর কথাও বলে। মন্ত্রী বলেন, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সব শিল্পকারখানায় বর্জ্য পরিশোধন প্ল্যান্ট বাধ্যতামূলক করতে নির্দেশ দেওয়া হয়েছে। নদীর সীমানা নির্ধারণের লক্ষ্যে সীমানা খুঁটি বসানো হবে। ১২ এপ্রিল টঙ্গীতে সীমানা খুঁটি দিয়ে কাজটি শুরু হবে। বাপার সভাপতি মোজাফ্ফর আহমদ, সহসভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব ও শরীফ জামিল প্রতিনিধিদলে ছিলেন।