বুড়িগঙ্গায় বর্জ্য অপসারণ ও ফেলা একসঙ্গে চলছে
বুড়িগঙ্গা নদী থেকে বর্জ্য অপসারণ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। কিন্তু নদীতে নতুন করে বর্জ্য ফেলার প্রক্রিয়া এখনো বন্ধ হয়নি। গতকাল বৃহস্পতিবার বুড়িগঙ্গাপারের বিভিন্ন শিল্প-কারখানা ও আড়ত থেকে নদীতে বর্জ্য ফেলার দৃশ্য দেখা গেছে।বাদামতলী এলাকার চাল ব্যবসায়ী মো. স্বপন প্রথম আলোকে বলেন, একদিকে নদী থেকে পলিথিনসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা হচ্ছে, অন্যদিকে নদীর তীরে বর্জ্য ফেলা হচ্ছে। নতুন করে তীরে বর্জ্য ফেলা বন্ধ না করে নদীতে থাকা বর্জ্য অপসারণ করে খুব বেশি লাভ হবে না বলে তিনি মন্তব্য করেন।এদিকে গত বুধবার দুপুর থেকে গতকাল পর্যন্ত বুড়িগঙ্গার নদীর বাদামতলী ঘাট এলাকা থেকে প্রায় ৫০ টন বর্জ্য ও পলিথিন অপসারণ করা হয়েছে বলে বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মো. রকিবুল ইসলাম জানিয়েছেন।সংস্থার অন্য একজন কর্মকর্তা জানান, কামরাঙ্গীর চর ও বাদামতলী ঘাট এলাকায় বর্জ্য অপসারণে পাঁচটি এস্কেভেটর ব্যবহার করা হচ্ছে। অপসারিত বর্জ্য ফেলা হচ্ছে সাভারের নদীতীরবর্তী শোলমাসী এলাকায়।গতকাল সরেজমিনে দেখা গেছে, বুড়িগঙ্গার কেরানীগঞ্জ প্রান্তের আগানগর, কেজি শাহ ডকইয়ার্ড খেয়াঘাট, আগানগর সেতুঘাট এলাকায় বিভিন্ন শিল্প-কারখানা ও ওয়াশিং ডাইং কারখানা থেকে কালো রাসায়নিক বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। বেড়িবাঁধসংলগ্ন এলাকায়ও বর্জ্য ফেলতে দেখা গেছে।এভাবে বর্জ্য নদীতে ফেলা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে ইডেন ওয়াশিং কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান জানান, এ বিষয়ে করণীয় ঠিক করতে তাঁদের মালিক সমিতি আলোচনা করছে। বর্জ্য নদীতে না ফেলে বিকল্প কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে তাঁরা ভাবছেন।ঢাকা নদীবন্দরের উপপরিচালক মো. গোলাম কবির জানান, নদীতে বর্জ্য ফেলা বন্ধে সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।গত বুধবার বিআইডব্লিউটিএ পলিথিনসহ বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে তুরাগ নদীতেও একইভাবে বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। গত বুধবার বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনের সময় সংস্থার চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া জানান, এ লক্ষ্যে প্রায় ২৫ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়া নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের ফেলা বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখার জন্য দুটি স্থানে ডাম্পিং স্টেশন নির্মাণ, নদীর তীরে মানুষের হাঁটার পথ নির্মাণ করা এবং গাছ লাগানো হবে প্রকল্পের অধীনে।বিআইডব্লিউটিএ সমীক্ষা চালিয়ে দেখেছে, কলকারখানার বর্জ্য, পলিথিন ও মানব বর্জ্য জমা হয়ে বুড়িগঙ্গা ও তুরাগ নদীর তলদেশে ১০ থেকে ১২ ফুটের স্তর পড়েছে। ফলে নদীর নাব্যতা হ্রাসের পাশাপাশি এর পানিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।