বুড়িগঙ্গায় বর্জ্য ফেলা বন্ধে ব্যবস্থা নিতে পাঁচ থানাকে নির্দেশ
বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা নিষিদ্ধ করতে ডেমরা, লালবাগ, কামরাঙ্গীরচর, কোতোয়ালি ও হাজারীবাগ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।বুড়িগঙ্গা নদীর পানিদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয় রোববার। আদালতে এইচআরপিবির পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম মামলা পরিচালনা করেন।আদালত বুড়িগঙ্গা নদীর পানিদূষণ রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। নদীতে পয়োনিষ্কাশনের পাইপগুলো বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে শিল্প ও স্বরাষ্ট্রসচিব, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ ১৩ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।এ ছাড়া বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকার জেলা প্রশাসককে পুলিশের ওই কার্যক্রম তদারকি করতে একটি পর্যবেক্ষক কমিটি গঠনের নির্দেশ দিয়ে কমিটির প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।