বুড়িগঙ্গায় বিনোদনকেন্দ্র অপসারণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীর ভেতর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নাধীন বিনোদনকেন্দ্র অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত এক মাসের মধ্যে সেটি অপসারণ করতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও পরিচালককে নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।গত ৭ মে ‘বুড়িগঙ্গা নদীর উদ্ধার করা জায়গায় বিনোদনকেন্দ্র!’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এর অনুলিপি যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৬ মে হাইকোর্ট বুড়িগঙ্গা নদীর ভেতর বিআইডব্লিউটিএর বিনোদনকেন্দ্র নির্মাণ প্রকল্পের সব কার্যক্রমের ওপর তিন মাস স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। একই সঙ্গে নদীটির ভেতর বিনোদনকেন্দ্র নির্মাণ কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেন। নৌপরিবহনসচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, পরিচালক (বন্দর), পরিচালক (পরিকল্পনা), প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।গতকাল শুনানি শেষে আদালত রুল গ্রহণ (অ্যাবসলিউট) করে রায় দেন। আদালতে রিট আবেদনকারী পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালকুদার মামলা পরিচালনা করেন। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, ঢাকার চার নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কয়েক দফা নির্দেশনা দিয়ে এর আগে হাইকোর্ট রায় দেন। নদী উদ্ধারের জন্য হাইকোর্টের নির্দেশনা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। বিআইডব্লিউটিএ নিজেই নদীর ভেতর বিনোদনকেন্দ্র তৈরির প্রকল্প গ্রহণ করেছে, যা বেআইনি ও হাইকোর্টের দেওয়া রায়ের পরিপন্থী।