বুড়িগঙ্গায় বিনোদনকেন্দ্র নির্মাণে তিন মাসের স্থিতাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীর ভেতর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিনোদনকেন্দ্র নির্মাণ প্রকল্পের সকল কার্যক্রমের ওপর তিন মাস স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।একই সঙ্গে বুড়িগঙ্গা নদীর ভেতর বিনোদনকেন্দ্র নির্মাণ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত। নির্মাণাধীন বিনোদনকেন্দ্রের সব স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।আগামী তিন সপ্তাহের মধ্যে নৌপরিবহন সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, পরিচালক (বন্দর), পরিচালক (পরিকল্পনা), প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। ৭ মে ‘বুড়িগঙ্গা নদীর উদ্ধার করা জায়গায় বিনোদনকেন্দ্র!’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, কামরাঙ্গীর চরের টাওয়ার মোড় এলাকায় বুড়িগঙ্গা নদীর দুই তীরের মধ্যবর্তী জায়গায় অবৈধভাবে ১৫০টি ঘর বানিয়ে ভাড়া দেওয়া হয়েছিল। নদী বাঁচাতে ২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিআইডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গাটি উদ্ধার করে। কিন্তু নদীর জায়গা নদীকে ফিরিয়ে না দিয়ে বিআইডব্লিউটিএ নিজেদের লোকদের বিনোদনকেন্দ্র নির্মাণ করছে। এর অনুলিপি যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে রিটটি দায়ের ও শুনানি করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার। আদেশের পর নজরুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, বিনোদনকেন্দ্র নির্মাণ কার্যক্রমের ওপর তিন মাস স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন আদালত। ফলে এখন যেমন আছে, তেমন থাকবে। অর্থাৎ নির্মাণের কোনো কার্যক্রম চলবে না।শুনানিতে মনজিল মোরসেদ বলেন, ঢাকার চার নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কয়েক দফা নির্দেশনা দিয়ে গত বছরের ২৫ জুন হাইকোর্ট রায় দেন। নির্দেশনা অনুযায়ী অনেক স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু করেছে সরকার। কিন্তু হাইকোর্টের রায়ের নির্দেশনার পরিপন্থী একটি বিনোদন প্রকল্প বিআইডব্লিউটিএ কর্তৃক বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীর চর এলাকায় বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, নদী উদ্ধারের জন্য হাইকোর্টের নির্দেশনা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। কিন্তু বিআইডব্লিউটিএ নিজেই নদীর ভেতর বিনোদনকেন্দ্র তৈরির প্রকল্প গ্রহণ করেছে, যা বেআইনি ও হাইকোর্টের দেওয়া রায়ের পরিপন্থী।